পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মতনির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে ২০২৪ সালের মতো এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ একটি দল তাদের বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করেছে, তারা কোনো রাজনৈতিক দল নয়; বরং একটি সন্ত্রাসী গোষ্ঠী। তাদের মাথা তুলে দাঁড়ানোর আগেই দেশের গণতন্ত্রকামী জনগণ তাদের বিষদাঁত ভেঙে দেবে।
বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তাঁর বক্তব্যের সময় সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা একযোগে টেবিল চাপড়ে অভিবাদন জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
প্রধানমন্ত্রী বলেন, পতিত, পরাজিত ও বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তিকে ঠেকাতে এবং বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র রুখে দিতে এখন প্রয়োজন দল-মতনির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তির ঐক্যবদ্ধ অবস্থান। সংসদে প্রতিনিধিত্বকারী সব গণতান্ত্রিক দল এবং সংসদের বাইরের গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলোর প্রতিও তিনি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ‘এই সংসদে উপস্থিত প্রতিনিধিত্বকারী প্রত্যেকটি গণতান্ত্রিক দল এবং এই সংসদের বাইরে অন্য যেসব গণতান্ত্রিক দল আছে, সবার প্রতি আমি আহ্বান জানিয়ে বলতে চাই, আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর এবং ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত তাবেদার অপশক্তির বিরুদ্ধে আমরা সবাই এক মঞ্চে দাঁড়াই।’
পলাতক ফ্যাসিস্ট চক্রের কর্মকাণ্ডের সমালোচনা করে তারেক রহমান বলেন, এত মানুষ হত্যা, গুম ও নির্যাতনের পরও তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। দেশে কিংবা প্রবাসে, যেখানেই তারা থাকুক, তাদের একটাই চরিত্র—তারা সন্ত্রাসী। পলাতক নেত্রী তাঁর অনুসারীদের গণতান্ত্রিক জনগণের ঘরবাড়িতে আগুন দেওয়া এবং তাঁদের হত্যার জন্য তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, এই সন্ত্রাসীরা দেশে-বিদেশে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে লাঞ্ছিত করার চেষ্টা, এনসিপির সভাপতি নাহিদ ইসলামকে হেনস্তা, যুক্তরাষ্ট্রে এনসিপির নেতাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং ইতালিতে একজন নারী শিল্পীর ওপর বর্বর আক্রমণের ঘটনা দেশবাসী দেখেছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তারা বারবার নিজেদের সন্ত্রাসী চরিত্রের প্রমাণ দিয়েছে।
সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তারা বাংলাদেশের স্বাধীনতাকামী ও গণতান্ত্রিক জনগণের সঙ্গে নয়, বরং সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। এর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাপ্রিয় মানুষের প্রতি তাদের মনোভাব স্পষ্ট হয়ে গেছে।
বক্তব্যের একপর্যায়ে তারেক রহমান বলেন, ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। আমাদের স্বাধীনতা আমরা রক্ষা করব, আমাদের গণতন্ত্র আমরা রক্ষা করব, আমাদের সংসদ—এই স্বাধীন সার্বভৌম সংসদ—আমরা রক্ষা করব। বাংলাদেশকে আর কোনো তাবেদারের হাতে আমরা সঁপে দেব না।’
তিনি আরও বলেন, যাদের হাতে মানুষের গোলামির জিঞ্জির, সেই অপশক্তি ও তাবেদারি শক্তিকে বাংলাদেশের জনগণ আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই এ দেশের গণতন্ত্রকামী জনগণ তাদের বিষদাঁত ভেঙে দেবে।
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে গণতন্ত্র শক্তিশালী হচ্ছে
বর্তমান সরকার একটি ভঙ্গুর রাষ্ট্র ও প্রশাসন পেয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যে দেশ থেকে প্রতিবছর লক্ষ কোটি ডলার পাচার করা হতো, সেই অর্থ জনগণের সম্পদ। পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য সরকার দেশে ও বিদেশে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ কী পেয়েছে—এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণ স্বাধীনতা ফিরে পেয়েছে। মানুষের কাঙ্ক্ষিত গণতন্ত্র ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে। রাষ্ট্র ও সমাজে মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হতে শুরু করেছে। জনগণ মানবিক মর্যাদা ফিরে পেতে শুরু করেছে। গুম, খুন ও অপহরণের আতঙ্ক থেকে মানুষ মুক্তি পেয়েছে। ৫ আগস্টের পর থেকে জনগণের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, জনগণের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পর নির্বাচিত সরকার এখন অর্থনৈতিক গণতন্ত্র নিশ্চিত করার কাজ শুরু করেছে। কোনো নির্দিষ্ট গোষ্ঠী নয়, বরং দেশের সব শ্রেণি-পেশার মানুষ, বিশেষ করে খেটে খাওয়া মানুষ যেন অর্থনীতির সুফল ভোগ করতে পারে, সে লক্ষ্যেই সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
এ লক্ষ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্পোর্টস কার্ড, ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্বকে সম্মানী প্রদান এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এসব উদ্যোগের মূল লক্ষ্য সমাজের সব শ্রেণির মানুষের, বিশেষ করে খেটে খাওয়া মানুষের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা।
পাঁচ লাখ কর্মী বিদেশে পাঠানো হয়েছে
কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গত কয়েক মাসে সরকারের প্রচেষ্টায় প্রায় পাঁচ লাখ দক্ষ ও অদক্ষ শ্রমশক্তিকে বিদেশে পাঠানো সম্ভব হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে ইনশাআল্লাহ মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে আরও কয়েক লাখ মানুষ যেতে পারবেন।
দেশের অভ্যন্তরে কর্মসংস্থান বাড়াতে বন্ধ কলকারখানা চালুর উদ্যোগের কথাও জানান তিনি। তারেক রহমান বলেন, সরকারি বন্ধ কলকারখানাগুলোর অনেকগুলো ইতিমধ্যে চালু করা হয়েছে। আগামী এক বছরের মধ্যে আরও প্রায় ৪৬ থেকে ৪৭টি বন্ধ কলকারখানা চালু করতে সক্ষম হবে সরকার।
জ্বালানি খাতে ৫০ হাজার কোটি টাকা ভর্তুকি
যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশ জ্বালানি সংকটের মুখোমুখি হয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সংকট মোকাবিলায় সরকার বসে থাকেনি। একদিকে জনগণের ভোগান্তি কমানো, অন্যদিকে ব্যবসা-বাণিজ্য ও উৎপাদন সচল রাখতে তেল, গ্যাস ও বিদ্যুৎ খাতে এ পর্যন্ত ৫০ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে।
তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরে বর্তমান সরকার নিজেদের দায়িত্ব এড়াতে চায় না। কারণ, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে দেশের অর্থনীতি সচল রাখা এবং জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের দায়িত্ব তাদের। নানা চড়াই-উতরাই পেরিয়ে বাংলাদেশ ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছে।
বিভিন্ন দেশের সঙ্গে এমওইউ সংসদে উপস্থাপন করা হবে
অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশগুলোর সামনে বাংলাদেশকে বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য হিসেবে তুলে ধরতে সরকার কাজ করছে বলে জানান তারেক রহমান। বিভিন্ন দেশে সফরকালে সংশ্লিষ্ট দেশগুলোকে বাংলাদেশে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বিরোধীদলীয় নেতার উত্থাপিত চুক্তির প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে, কোনো দেশের সঙ্গে কোনো চুক্তি সম্পাদিত হয়নি। বিরোধীদলীয় নেতা যে বিষয়টি জানতে চেয়েছেন, আগামী অধিবেশনে এসব সমঝোতা স্মারক সংসদে উপস্থাপন করা হবে।
রমজানে ১০ পণ্য বাকিতে আমদানির সুযোগ
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক চাল, গম, চিনি, ছোলা, ভোজ্যতেল, খেজুর, ডাল, পেঁয়াজ, রসুন ও আদাসহ ১০টি নিত্যপ্রয়োজনীয় পণ্য সর্বোচ্চ ৯০ দিন বাকিতে আমদানির সুযোগ দিয়েছে। এর ফলে আমদানিকারকেরা পণ্য হাতে পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে মূল্য পরিশোধ করতে পারবেন।
এ ছাড়া রমজানে খেজুরের ওপর ২০ শতাংশ কর কমানো হয়েছে। একই সঙ্গে আপেল ও মাল্টার দাম সাধারণ মানুষের নাগালে রাখতে এ দুটি ফলের ওপর ৫০ শতাংশ শুল্ক হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। গত মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এর ফলে ফলের দাম উল্লেখযোগ্যভাবে কমবে।
তিনি বলেন, দেশ ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়েই বর্তমান সরকার দেশ পরিচালনা করছে। এভাবে এগিয়ে যেতে পারলে আর কেউ বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না।
গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি ঘোষণা শিগগিরই
দেশের তৈরি পোশাকশিল্পের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি প্রশ্ন তোলেন, স্বাস্থ্য খাতকে অন্য একটি দেশের হাতে তুলে দেওয়ার যে চেষ্টা ছিল, তেমনি গার্মেন্টসশিল্পকে ধ্বংস করে এর সুবিধা অন্য কোনো বিশেষ দেশের হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে কি না, তা নিয়ে এখনই ভাবার সময় এসেছে।
তারেক রহমান বলেন, গত ৫০ বছরে এ দেশের শ্রমিক ও মালিকেরা সম্মিলিতভাবে তৈরি পোশাকশিল্পকে একটি সমৃদ্ধ শিল্পে পরিণত করেছেন। এ শিল্পে কর্মরত শ্রমিকদের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সরকার সম্পূর্ণভাবে অবগত রয়েছে।
তিনি জানান, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে শিগগিরই তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ঘোষণা করা হবে। নতুন বেতন কাঠামো অনুযায়ী শ্রমিকেরা বেতন পাবেন। নিম্নতম মজুরি ঘোষণা এবং সেই অনুযায়ী বেতন প্রদানের বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষ আন্তরিক বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।