নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দেশব্যাপী পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। এ সময় ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগান দেন সংগঠনটির নেতাকর্মীরা।
বুধবার বিকেলে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন যুবদলের নেতাকর্মীরা। মিছিলটি ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড হয়ে শহীদ রিয়া গোপ স্টেডিয়ামের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে বক্তব্য দেন জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি, আরিফুল ইসলাম ইমন, মাসুদ মিয়া, সিদ্দিকুর রহমান উজ্জ্বল ও রুবেল মিয়াসহ আরও অনেকে।
সমাবেশে জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি বলেন, ‘আমরা বিগত ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করলেও ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো সহিংসতার পথ বেছে নিইনি। কিন্তু আজ তারা কী ধরনের আন্দোলন করছে, তা জনগণ দেখছে।’
তিনি আরও বলেন, ‘আজ নারায়ণগঞ্জের কোনো এলাকায় ফ্যাসিস্টরা নাশকতার চেষ্টা করলে সেই এলাকার আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বাড়িঘরে থাকতে পারবেন না। যে এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা গাড়িতে আগুন দেবেন, সেই এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে আগুন দেওয়া হবে।’
রনি বলেন, ‘আমরা দুই বছর অনেক সহ্য করেছি। আওয়ামী লীগ একটি জঙ্গি সংগঠন। তাদের চরিত্রের পরিবর্তন হয়নি। তাদের ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিতে হবে।’
এসএস