ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জর্দা শামীমের অস্ত্রের ভান্ডারে অভিযান, ২৭৬১ রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার ৩
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৭:৩৯ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বরিশালের গৌরনদীতে আলোচিত ‘জর্দা শামীমের’ সহযোগীদের আস্তানায় অভিযান চালিয়ে চারটি বিদেশি পিস্তল, তিনটি রিভলবার ও একটি এয়ারগানসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। এ সময় শামীমের তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিভিন্ন ধরনের ২ হাজার ৭৬১ রাউন্ড কার্তুজ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বাটাজোর ইউনিয়নের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাহে আলম (৫০), বি এম আমীন ইবনে ফারুক ওরফে শাথিল আহমেদ বিশ্বাস (৫৪) এবং মো. রবিউল বেপারী (৩৫)। তাঁরা সবাই বাটাজোর ইউনিয়নের বাসিন্দা।

বুধবার (১৮ নভেম্বর) এসআরবি-৮-এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আলোচিত জর্দা শামীম গ্রেপ্তার হওয়ার পর তাঁর হেফাজতে থাকা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ গৌরনদীতে তাঁর মালিকানাধীন ‘শাহী ৯৯ পার্কে’ সরিয়ে নেওয়া হয়। পরে তাঁর ব্যক্তিগত সহকারী শাহে আলম ও শ্যালক শাথিল আহমেদ বিশ্বাসের সহযোগিতায় এসব অস্ত্র গোপনে সংরক্ষণ ও কেনাবেচার ব্যবস্থা করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, এ কাজে ভ্যানচালক রবিউল বেপারীকে ভয়ভীতি দেখিয়ে তাঁর বসতবাড়িতে অস্ত্র ও গোলাবারুদ রাখতে বাধ্য করা হয়েছিল।

এসআরবি-৮ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়িতে থাকা তিন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাঁদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে চারটি বিদেশি পিস্তল, তিনটি রিভলবার ও একটি এয়ারগান উদ্ধার করা হয়।

এ ছাড়া ৩৩টি পিস্তল ম্যাগাজিন, পিস্তল ও রিভলবারের ২ হাজার ২৮২ রাউন্ড কার্তুজ, শটগানের ৩১২ রাউন্ড এবং এয়ারগানের ১৬৭ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়েছে। সব মিলিয়ে উদ্ধার করা কার্তুজের সংখ্যা ২ হাজার ৭৬১।

অভিযানে একটি ম্যাগাজিন আনলোডার, তিনটি ম্যাগাজিন স্প্রিং, পিস্তলের সাতটি ভাঙা অংশ, তিনটি মুঠোফোন এবং আলামত সংরক্ষণের ১০টি ব্যাগও জব্দ করা হয়।

এসআরবি-৮ সূত্রে জানা গেছে, ঝালকাঠির আলোচিত ব্যবসায়ী ও কার্যক্রম নিষিদ্ধ ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সহসভাপতি মোহাম্মদ শামীম আহমেদ ওরফে জর্দা শামীমের বিরুদ্ধে অবৈধ অস্ত্র ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার, চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। ঢাকা ও ঝালকাঠির বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও ভাঙচুর আইনে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গত ৬ মে দিবাগত রাতে রংপুর সদর উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তার তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গৌরনদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-৮।

এসএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝