২০২৭ আফ্রিকান কাপ অব নেশনসের (আফকন) চূড়ান্ত পর্বে জায়গা নিশ্চিত করেছে সেনেগাল। তাদের পর ক্যামেরুন, মরক্কো, মালি, বেনিন ও বুরকিনা ফাসোও দুই ম্যাচ হাতে রেখে মূল পর্বের টিকিট পেয়েছে।
তবে বাছাইপর্বের চতুর্থ রাউন্ড শেষে বিপাকে পড়েছে আফ্রিকার দুই শক্তিশালী দল নাইজেরিয়া ও তিউনিসিয়া। বিশেষ করে লিবিয়ার বিপক্ষে পেনাল্টি বিতর্কে পয়েন্ট হারিয়ে মূল পর্বে ওঠার কঠিন সমীকরণে পড়েছে তিউনিসিয়া।
নতুন কোচ প্যাট্রিক ভিয়েরার অধীনে দারুণ ছন্দে রয়েছে সেনেগাল। সোমবার সুদানকে ৪-২ গোলে হারিয়ে মূল পর্বের দ্বারপ্রান্তে পৌঁছায় তারা।
মঙ্গলবার ইথিওপিয়ার মাঠে মোজাম্বিকের ১-০ গোলের জয় নিশ্চিত করে সেনেগালের অগ্রযাত্রা। গ্রুপ ‘জে’ থেকে সবার আগে মূল পর্বে জায়গা করে নেয় ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
অন্যদিকে, কোনো ম্যাচ না খেলেই মূল পর্ব নিশ্চিত করেছে ক্যামেরুন ও বেনিন। কোমোরোসের জয় ক্যামেরুনের এবং বুরকিনা ফাসোর জয় বেনিনের জায়গা নিশ্চিত করে। একই সঙ্গে বুরকিনা ফাসোও মূল পর্বে উঠেছে। এ ছাড়া রুয়ান্ডাকে হারিয়ে মালি এবং নাইজারকে হারিয়ে মরক্কো নিজেদের টানা জয়ের ধারা ধরে রেখে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে।
মরক্কোর হয়ে জয়সূচক গোলটি করেন ১৭ বছর বয়সী আবদেল্লাহ ওউজান। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে দারুণ দলীয় আক্রমণের পর বাঁকানো শটে গোলটি করেন তিনি। ম্যাচটি অ্যাওয়ে হিসেবে বিবেচিত হলেও অনুষ্ঠিত হয়েছে রাবাতে।
এদিকে, ২০২৫ সালের আফকন শিরোপা নিয়ে সেনেগাল ও মরক্কোর আইনি লড়াই এখনো শেষ হয়নি। ফাইনালে অতিরিক্ত সময়ে মরক্কোকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল সেনেগাল। তবে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে পেনাল্টির সিদ্ধান্তের প্রতিবাদে মাঠ ছেড়ে যাওয়ায় প্রতিযোগিতার নিয়ম ভঙ্গের অভিযোগে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (সিএএফ) আপিল বোর্ড সেনেগালের ফল বাতিল করে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে দুই দলই এখন ক্রীড়া সালিশি আদালতের (সিএএস) রায়ের অপেক্ষায়।
বাছাইপর্বে সবচেয়ে আলোচিত ঘটনা ঘটেছে ত্রিপোলিতে। লিবিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তিউনিসিয়া। পেনাল্টি থেকে লিবিয়ার সমতাসূচক গোলের সিদ্ধান্ত ঘিরে পাঁচ মিনিটেরও বেশি সময় ধরে চলে উত্তেজনা। মাঠে থাকা খেলোয়াড় ও কর্মকর্তারা সিদ্ধান্তের প্রতিবাদ জানালেও শেষ পর্যন্ত পেনাল্টি আদায় করে নেয় স্বাগতিকরা।
ম্যাচের তৃতীয় মিনিটেই প্রতিপক্ষের রক্ষণভাগের ভুল কাজে লাগিয়ে তিউনিসিয়াকে এগিয়ে দেন আনিস বেন স্লিমান। প্রথমার্ধের যোগ করা সময়ে বক্সের মধ্যে সংঘর্ষের ঘটনায় লিবিয়ার পক্ষে পেনাল্টির সিদ্ধান্ত দেন বেনিনের রেফারি আদিসা লিগালি। গোলরক্ষক আইমেন দাহমেন ও ডিফেন্ডার ঘাইথ জালুনির সঙ্গে সংঘর্ষের পর ফাউলের শিকার হন বলে বিবেচিত হন লিবিয়ার খেলোয়াড় এজু আল মারিয়ামি। স্পট কিক থেকে গোল করে সমতা ফেরান তিনি।
আফকন বাছাইপর্বে ভিএআর প্রযুক্তি ব্যবহার করা হয় না। ফলে সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ ছিল না তিউনিসিয়ার। চতুর্থ কর্মকর্তার কাছে দীর্ঘ সময় ধরে প্রতিবাদ জানিয়েও লাভ হয়নি তাদের। ম্যাচের শেষ বাঁশির পরও রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিউনিসিয়ার খেলোয়াড়রা।
এই ড্রয়ে গ্রুপ ‘এইচ’-এ চার ম্যাচ শেষে মাত্র ৩ পয়েন্ট নিয়ে তলানিতে রয়েছে তিউনিসিয়া। ১৭টি আসরে টানা অংশ নেওয়া দলটির এবার মূল পর্বে ওঠাই অনিশ্চিত হয়ে পড়েছে। একই গ্রুপে বতসোয়ানার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে উগান্ডা। ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে উগান্ডা। এক পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে লিবিয়া। বতসোয়ানা তিউনিসিয়ার চেয়ে এক পয়েন্ট এগিয়ে রয়েছে।
২০১৭ সালের পর প্রথমবার আফকনের মূল পর্বে জায়গা না পাওয়ার শঙ্কায় রয়েছে তিনবারের চ্যাম্পিয়ন নাইজেরিয়া। জাঞ্জিবারে তানজানিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে সুপার ঈগলস। সহ-আয়োজক হিসেবে তানজানিয়ার মূল পর্ব নিশ্চিত থাকায় গ্রুপ ‘এল’ থেকে বাকি একটি জায়গার জন্য লড়ছে নাইজেরিয়া ও গিনি-বিসাউ।
মাদাগাস্কারের বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নিয়ে নাইজেরিয়ার চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে গেছে গিনি-বিসাউ। মামা বালদে ও মাউরো রদ্রিগেজ গোল দুটি করেন। সেপ্টেম্বরে নিজেদের মাঠে নাইজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছিল গিনি-বিসাউ। ফলে বাছাইপর্বের শেষ দুই ম্যাচে জিতলেও মূল পর্বে ওঠা কঠিন হয়ে যেতে পারে নাইজেরিয়ার জন্য।
অন্যদিকে, সাতবারের চ্যাম্পিয়ন মিসরও মূল পর্ব নিশ্চিত করার সুযোগ হাতছাড়া করেছে। মালাউইয়ের মাঠে গোলশূন্য ড্র করেছে তারা। মিসরের অধিনায়ক মোহাম্মদ সালাহর শট পোস্টের বাইরে লাগে। এরপর দ্বিতীয়ার্ধে দুর্দান্ত কয়েকটি সেভ করে দলকে পয়েন্ট এনে দেন মালাউইয়ের গোলরক্ষক জর্জ চিকুকা। গ্রুপ ‘বি’-তে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মিসর। ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাঙ্গোলা। জুবায় দক্ষিণ সুদানকে ১-০ গোলে হারিয়েছে অ্যাঙ্গোলা। প্রথমার্ধে জয়সূচক গোলটি করেন মিরো।
গ্রুপ ‘সি’-তে গাম্বিয়ার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ২-২ ব্যবধানে ড্র করেছে আইভরি কোস্ট। ইয়ানকুবা মিন্তেহর গোলে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল গাম্বিয়া। তবে যোগ করা সময়ের অষ্টম মিনিটে গোল করে আইভরি কোস্টকে হার থেকে বাঁচান ক্রিস্ট ইনাও উলাই। ম্যাচের ৯০ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গাম্বিয়ার মুহাম্মেদ বাদামোসি। ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আইভরি কোস্ট। গাম্বিয়ার পয়েন্ট ৭।
সিয়েরা লিওনের বিপক্ষেও শেষ মুহূর্তে পয়েন্ট হারিয়েছে ডিআর কঙ্গো। জুনিয়র কাদিলে প্রথমার্ধে দলকে এগিয়ে দিলেও ৯৪ মিনিটে গোল করে সমতা ফেরান আলি কন্তেহ। অন্যদিকে, আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে টোগো। থিবো ক্লিদজের জোড়া গোলের পর কেনেডি বোয়াটেংয়ের হেডে বড় জয় পায় তারা। গ্রুপ ‘আই’-তে শীর্ষে থাকা আলজেরিয়ার চেয়ে এখন মাত্র এক পয়েন্ট পিছিয়ে টোগো।
এ ছাড়া কেনিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতে গ্রুপ ‘ডি’-এর শীর্ষে ফিরেছে দক্ষিণ আফ্রিকা। লাইবেরিয়ার কাছে ২-০ গোলে হেরে কেপ ভার্দের মূল পর্বে ওঠার সম্ভাবনা ধাক্কা খেয়েছে। লেসোথোর কাছে ২-০ গোলে হেরেছে গ্যাবনও।
আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হবে আফকন বাছাইপর্বের শেষ দুই রাউন্ড। পূর্ব আফ্রিকার কেনিয়া, তানজানিয়া ও উগান্ডায় ২০২৭ সালের ১৯ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে মূল আসর।
এসএ