জার্মান টেনিস তারকা আলেকজান্ডার জভেরেভের বিরুদ্ধে নতুন করে মামলা করেছেন তাঁর সাবেক প্রেমিকা ব্রেন্ডা পাতেয়া। ২০২৪ সালে পারিবারিক সহিংসতার অভিযোগে করা মামলার নিষ্পত্তি নিয়ে জভেরেভের প্রকাশ্য মন্তব্যকে কেন্দ্র করে এ আইনি পদক্ষেপ নিয়েছেন তিনি।
বার্লিনের একটি আদালতে গত ১৮ সেপ্টেম্বর মামলাটি দায়ের করা হয়। অভিযোগকারী ব্রেন্ডা পাতেয়া জভেরেভের বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করেছেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে তাঁকে বিরত রাখার আবেদনও জানিয়েছেন।
বিতর্কের সূত্রপাত চলতি বছরের জুনে। ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে জভেরেভ দাবি করেছিলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে এবং তাঁর নির্দোষিতা প্রতিষ্ঠিত হয়েছে।
তবে পাতেয়ার আইনজীবী মাইকেল শিলে এই বক্তব্যের বিরোধিতা করেছেন। তাঁর দাবি, ২০২৪ সালে মামলাটি কোনো রায় ছাড়াই সমঝোতার মাধ্যমে শেষ হয়েছিল। ফলে আদালত জভেরেভকে নির্দোষ ঘোষণা করেছেন—এমন দাবি সঠিক নয়।
পাতেয়ার আইনজীবীর ভাষ্য অনুযায়ী, জভেরেভের এমন বক্তব্য তাঁর মক্কেলের সামাজিক মর্যাদা ও সুনামের ক্ষতি করেছে। এ ধরনের মন্তব্য বন্ধ করার অনুরোধ জানিয়ে আগেও তাঁকে একাধিক চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু তাতে সাড়া না পাওয়ায় নতুন করে মামলা করা হয়েছে।
ব্রেন্ডা পাতেয়া অভিযোগ করেছিলেন, তাঁদের সম্পর্কের সময় জভেরেভ তাঁকে শারীরিকভাবে নির্যাতন করেছিলেন। অভিযোগের পর জার্মানির একটি আদালত ২০২৩ সালের অক্টোবরে জভেরেভের বিরুদ্ধে ৪ লাখ ৫০ হাজার ইউরো জরিমানার আদেশ দিয়েছিলেন। তবে তিনি ওই আদেশের বিরুদ্ধে আপত্তি জানান।
এরপর ২০২৪ সালের মে ও জুনে মামলার বিচারপ্রক্রিয়া শুরু হয়। পরে উভয় পক্ষের সমঝোতায় কোনো চূড়ান্ত রায় ছাড়াই কার্যক্রম শেষ হয়। সমঝোতার শর্ত অনুযায়ী জভেরেভকে মোট ২ লাখ ইউরো পরিশোধ করতে হয়। এর মধ্যে ১ লাখ ৫০ হাজার ইউরো রাষ্ট্রকে এবং ৫০ হাজার ইউরো দাতব্য সংস্থাকে দেওয়ার কথা বলা হয়।
তবে এই সমঝোতা দোষী সাব্যস্ত হওয়া কিংবা নির্দোষ প্রমাণিত হওয়ার কোনো সিদ্ধান্ত ছিল না।
নতুন মামলাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। আদালত ৫ নভেম্বর এ বিষয়ে একটি প্রক্রিয়াগত আদেশ জারি করেছে। তবে প্রতিবেদন অনুযায়ী, জভেরেভের কাছে এখনো আনুষ্ঠানিকভাবে মামলার নোটিশ পৌঁছায়নি।
জভেরেভের আইনজীবী ক্রিশ্চিয়ান শের্টজ জানিয়েছেন, তাঁর মক্কেল আনুষ্ঠানিক নোটিশ না পাওয়ায় মামলার বিষয়ে মন্তব্য করার সুযোগ নেই।
উল্লেখ্য, আলেকজান্ডার জভেরেভ বিশ্বের শীর্ষস্থানীয় টেনিস খেলোয়াড়দের একজন। তাঁর সাবেক প্রেমিকা ব্রেন্ডা পাতেয়া তাঁদের পাঁচ বছর বয়সী কন্যাসন্তানের মা। নতুন মামলাটি মূলত আগের মামলার নিষ্পত্তি নিয়ে জভেরেভের প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে দায়ের করা হয়েছে।