আর্জেন্টিনাকে কাতার বিশ্বকাপ জেতাতে পোস্টের নিচে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন এমিলিয়ানো মার্তিনেজ। এবার ২০২৬ বিশ্বকাপের মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরে এক ‘বোমা’ ফাটালেন এই ৩৩ বছর বয়সী আলবিসেলেস্তে গোলরক্ষক। কার হাতে উঠছে আগামী বিশ্বকাপের সোনালি ট্রফি, তা নিয়ে এখনই এক রোমাঞ্চকর ভবিষ্যদ্বাণী করে বসেছেন তিনি। মার্তিনেজের মতে—এবারও চ্যাম্পিয়ন হচ্ছে আর্জেন্টিনাই, আর তাও চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে!
সম্প্রতি নিজের ক্লাব অ্যাস্টন ভিলার অফিসিয়াল স্পন্সরের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিশ্বকাপের নকআউট পর্বের পুরো ছকটাই এঁকে দিয়েছেন মার্তিনেজ।
মেটলাইফে ‘সুপার ক্লাসিকো’ ফাইনাল
মার্তিনেজের সমীকরণ বলছে, নকআউটের চড়াই-উতরাই পেরিয়ে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের মেগা ফাইনালে মুখোমুখি হবে লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। তার বাজি—সেই হাইভোল্টেজ ম্যাচটি গড়াবে শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে। আর সেখানে সেলেসাওদের স্তব্ধ করে দিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ঘরে তুলবে লিওনেল মেসির দল।
কাতার বিশ্বকাপ শুরুর আগেও মার্তিনেজ ঠিক এভাবেই আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার কথা জোর দিয়ে বলেছিলেন। শেষ পর্যন্ত তার অতিমানবীয় পারফরম্যান্সের ওপর ভর করেই কাতার জয় করেছিল আর্জেন্টিনা। ফলে, তার এবারের ভবিষ্যদ্বাণীকেও ভক্তরা মোটেও হালকাভাবে নিচ্ছেন না।
মার্তিনেজের চোখে কোয়ার্টার ফাইনালের লাইনআপ
৪৮ দলের এই বিশাল মহাযজ্ঞে এখনও অনেক ম্যাচ বাকি। তবে মার্তিনেজের মনে মনে শেষ আটের লাইনআপ এখনই চূড়ান্ত। তার হিসাবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে—আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ড, পর্তুগাল, জার্মানি, নেদারল্যান্ডস ও মেক্সিকো।
এখানে সবচেয়ে বড় চমক হচ্ছে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেনের অনুপস্থিতি। অনেকেই যাদের শিরোপার অন্যতম দাবিদার ভাবছেন, মার্তিনেজের মতে তারা বিদায় নেবে শেষ ষোলোতেই। আর তাদের বাড়ি পাঠাবে স্বয়ং আর্জেন্টিনা।
সেমিফাইনালে ১৯৮৬-র পুনরাবৃত্তি
সেমিফাইনাল পর্ব নিয়ে মার্তিনেজ মনে করছেন ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে। তার মতে, এই পর্বে ১৯৮৬ সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের স্মৃতি ফিরে আসবে। সেবার যেমন ২-১ গোলে ম্যারাডোনারা ইংল্যান্ডকে হারিয়েছিলেন, এবারও সেমিফাইনালে মেসিরা ইংল্যান্ডকে বিদায় করবে। তবে ম্যাচটির ফয়সালা হবে টাইব্রেকারে। অন্যদিকে, দ্বিতীয় সেমিফাইনালে জার্মানিকে হারিয়ে ফাইনালে উঠবে ব্রাজিল।
সবশেষে আসবে ২০২১ সালের কোপা আমেরিকা ফাইনালের মহাকাব্যিক পুনরাবৃত্তি। মার্তিনেজের বাজি—সেই ‘সুপার ক্লাসিকো’ মহারণে জিতেই বিশ্বসেরার মুকুট ধরে রাখবে আলবিসেলেস্তেরা।
আরএন