ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
তিন দেশে তিন উদ্বোধনী অনুষ্ঠান, বিশ্বকাপে থাকছে নানা চমক
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১০:৫৫ পিএম
X
Advertisement

ফুটবল বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এবারই প্রথম তিনটি দেশ যৌথভাবে আয়োজন করছে আসরটি। স্বাগতিক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার তিনটি ভিন্ন শহরে অনুষ্ঠিত হবে তিনটি পৃথক উদ্বোধনী অনুষ্ঠান, যা বিশ্বকাপের ইতিহাসে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে।

এর আগে যৌথ আয়োজনে বিশ্বকাপ হলেও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হতো একটি দেশেই। ২০০২ সালে জাপান ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করলেও উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল শুধু সিউলে। তবে এবার তিন আয়োজক দেশই নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য বিশ্বমঞ্চে তুলে ধরতে আলাদা আয়োজন করেছে।

মেক্সিকোতে শুরু হবে বিশ্বকাপের আনুষ্ঠানিক যাত্রা

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। বাংলাদেশ সময় রাত ১টায় ম্যাচ শুরু হওয়ার আগে রাত ১১টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।

মেক্সিকোর সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে কেন্দ্র করে সাজানো অনুষ্ঠানে থাকছে আদিবাসী শিল্পীদের পরিবেশনা, লোকসংগীত এবং ঐতিহ্যবাহী ‘পাপেল পিকাডো’ শিল্পের প্রদর্শনী। বিশ্বকাপের অফিসিয়াল গান ‘ডাই ডাই (লেটস গো)’ পরিবেশন করবেন কলম্বিয়ান সংগীত তারকা শাকিরা ও নাইজেরীয় শিল্পী বার্না বয়।

এছাড়া অনুষ্ঠানে অংশ নেবেন আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা, ড্যানি ওশান, জে বালভিন, লিলা ডাউনস, লস অ্যাঞ্জেলেস আজুলস, মানা এবং দক্ষিণ আফ্রিকার সংগীতশিল্পী টাইলা।

বিশ্বকাপের উদ্বোধন ঘিরে মেক্সিকো সরকারও নিয়েছে বিশেষ উদ্যোগ। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা, সরকারি কর্মীদের বাসা থেকে কাজের সুযোগ এবং বিশেষ ছুটির ব্যবস্থাও করা হয়েছে।

টরন্টোয় কানাডার বর্ণিল আয়োজন

কানাডার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে টরন্টো স্টেডিয়ামে। সেখানে স্বাগতিক কানাডা খেলবে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে শুরু হবে অনুষ্ঠান, আর ম্যাচ মাঠে গড়াবে রাত ১টায়।

কানাডার ইতিহাস, সংস্কৃতি ও গুরুত্বপূর্ণ অর্জনগুলো তুলে ধরার মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। এতে পারফর্ম করবেন অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, মাইকেল বুবলে, নোরা ফাতেহি, বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পী সঞ্জয়, ভেজেড্রিম এবং উইলিয়াম প্রিন্সসহ আরও অনেকে।

লস অ্যাঞ্জেলেসে তারকাদের মিলনমেলা

যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে। বাংলাদেশ সময় শনিবার ভোর সাড়ে ৫টায় শুরু হবে অনুষ্ঠান এবং সকাল ৭টায় স্বাগতিক যুক্তরাষ্ট্র মাঠে নামবে প্যারাগুয়ের বিপক্ষে।

বিশাল ভিজ্যুয়াল উপস্থাপনা, আধুনিক প্রযুক্তিনির্ভর মঞ্চায়ন ও গল্পভিত্তিক পরিবেশনার পাশাপাশি সংগীত পরিবেশন করবেন কেটি পেরি, ফিউচার, অ্যানিত্তা, লিসা, রেমা ও টাইলারের মতো বিশ্বখ্যাত শিল্পীরা।

ভিন্ন আয়োজন, এক বার্তা

মেক্সিকো সিটি, টরন্টো ও লস অ্যাঞ্জেলেস—তিন শহরের আয়োজনের ধরন ও উপস্থাপনা আলাদা হলেও মূল বার্তা থাকবে এক। সংস্কৃতি, সংগীত ও ফুটবলের মাধ্যমে বিশ্বের মানুষকে ঐক্যবদ্ধ করার শক্তিকেই তুলে ধরা হবে এবারের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে।

তিনটি উদ্বোধনী অনুষ্ঠানের সৃজনশীল পরিকল্পনা ও প্রযোজনার দায়িত্বে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রযোজক মার্কো বালিচ। অলিম্পিকসহ একাধিক আন্তর্জাতিক ক্রীড়া আসরের উদ্বোধনী অনুষ্ঠানে কাজ করা এই প্রযোজক জানিয়েছেন, প্রতিটি অনুষ্ঠান নিজস্ব বৈশিষ্ট্যে অনন্য হলেও সব আয়োজনের কেন্দ্রবিন্দুতে থাকবে ফুটবলের ঐক্যের বার্তা।

এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement