ভারত-বাংলাদেশের বহুল প্রতীক্ষিত ক্রিকেট সিরিজ বাতিল হচ্ছে না; বরং আগস্ট-সেপ্টেম্বরে আয়োজন সম্ভব না হওয়ায় নতুন সময় খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, দুই বোর্ডই সিরিজটি আয়োজনের ব্যাপারে ইতিবাচক এবং নতুন সূচি নিয়ে নিয়মিত আলোচনা করছে।
ক্রীড়া প্ল্যাটফর্ম ‘নট আউট নোমান’-কে দেওয়া বক্তব্যে তামিম বলেন, ‘ভারত সিরিজ হবে না—এমন সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।’
তার পর আরও বলেন, ‘‘একটা ছোট তথ্য দিই। দুই বোর্ডই বিষয়টি বাস্তবায়নের ব্যাপারে খুব আন্তরিক। বিসিসিআই ও বিসিবি—দুই পক্ষই নতুন সময় খুঁজছি, কখন কীভাবে করা যায়। মোটামুটি একটা সময়ও ভাবা হচ্ছে, তখন এটি আয়োজন করা সম্ভব কি না। যদি দেখতাম উদ্দেশ্য নেতিবাচক, তাহলে আজ আপনাদের বলতামই না, ‘দেখা যাক কী হয়, আমরা আশাবাদী।’ আমি এই কথাটাও বলতাম না। উদ্দেশ্য খুবই ইতিবাচক।’’
তবে সবকিছু যে দুই বোর্ডের হাতে নেই, সেটিও স্পষ্ট করেছেন তামিম। তার ভাষায়, কিছু বিষয় তাদের নিয়ন্ত্রণের বাইরে। একই সঙ্গে বিসিবি সভাপতি হিসেবে সেই সীমারেখা অতিক্রম করতে চান না তিনি, ‘কিছু বিষয় আছে, যেগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আর বিসিবি সভাপতি হিসেবে আমি কখনো সেই সীমা অতিক্রম করতে চাই না। তবে উদ্দেশ্য ভালো এবং আমরা নিয়মিত যোগাযোগ করছি। তারিখ নিয়েও আলোচনা চলছে। বাংলাদেশও ব্যস্ত, ভারতও ব্যস্ত। বাংলাদেশের মাঝে তিনটি সিরিজ রয়েছে। ভারত ও বিসিসিআইও নিজেদের ম্যাচ নিয়ে খুব ব্যস্ত। তবে এ নিয়ে আমাদের নিয়মিত আলোচনা হচ্ছে।’
এসএফ