প্রবাসী বাংলাদেশিসহ দেশের নাগরিকদের মাধ্যমে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (FDI) আকৃষ্ট করতে ‘প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রণোদনা স্কিম নীতিমালা, ২০২৬’ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
বৃহস্পতিবার রাতে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠক সূত্রে জানা যায়, প্রণোদনা প্রদানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিসহ দেশের সব নাগরিককে বিদেশি বিনিয়োগ দেশে আনতে উৎসাহিত করার লক্ষ্যে এ নীতিমালা প্রণয়ন করা হয়েছে।
এছাড়া বৈঠকে ‘বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়।
সভায় জানানো হয়, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবা, চিকিৎসা শিক্ষা ও গবেষণার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়কে মুনাফাভিত্তিক ও অ-মুনাফাভিত্তিক কোম্পানি বা সংগঠন গঠন, এসব প্রতিষ্ঠানের শেয়ার অর্জন এবং সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার বিধান যুক্ত করতে বিদ্যমান বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
এ কারণে আইনটির প্রয়োজনীয় সংশোধনের লক্ষ্যে নতুন খসড়াটি অনুমোদন দেওয়া হয়েছে।
এদিকে, জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।
জেবি/এসআর