পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে একটি বিশেষজ্ঞ দল ইতোমধ্যে কাজ শুরু করেছে। পাশাপাশি আট সদস্যবিশিষ্ট আরেকটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে, যারা আগামী এক থেকে দেড় মাসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে বলে আশা করা হচ্ছে।
বৃহস্পতিবার বিকেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সভাটি সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত হয়।
মন্ত্রী জানান, তিস্তা অববাহিকায় সমন্বিত পানি ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, পানিসম্পদ প্রতিমন্ত্রী, উপদেষ্টা, সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন বর্তমান সরকারের একটি নির্বাচনী অঙ্গীকার। সেই অঙ্গীকার বাস্তবায়নে সরকার কাজ করছে এবং সমন্বিত পানি ব্যবস্থাপনার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।
জেবি/ এসআর