ঢাকা-কক্সবাজার রুটে আরও এক জোড়া ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেসের রুট কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের মাধ্যমে নতুন এই সেবা চালু করা হয়েছে। এর ফলে ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন জোড়ায়।
সোমবার (২৬ অক্টোবর) রাতে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মহানগর এক্সপ্রেসের বর্ধিত রুটের যাত্রা উদ্বোধন করেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ রেল মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যন্ত ৪৬৭ দশমিক ৮৩ কিলোমিটার দীর্ঘ পথে ট্রেনটি মোট ১২টি মধ্যবর্তী স্টেশনে যাত্রাবিরতি দেবে। স্টেশনগুলো হলো বিমানবন্দর, নরসিংদী, ভৈরববাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট, ফেনী ও চট্টগ্রাম। নতুন এই সেবা চালুর ফলে ট্রেনটির কুমিরা স্টেশনে যাত্রাবিরতি বাতিল করা হয়েছে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ঢাকা থেকে রাত ৮টা ৩০ মিনিটে ছেড়ে ট্রেনটি পরদিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে। অন্যদিকে, কক্সবাজার থেকে সকাল ৯টায় ছেড়ে ট্রেনটি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। উভয় পথে যাত্রার সময় নির্ধারণ করা হয়েছে ৯ ঘণ্টা ৩০ মিনিট।
ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে প্রতি রোববার। এতে আসনসংখ্যা থাকবে ৭৩৬ ও ৭০৬টি। আগের নির্ধারিত ভাড়ার হার অনুযায়ী যাত্রীদের ভাড়া পরিশোধ করতে হবে। ট্রেনটির রেকের রক্ষণাবেক্ষণ, পানি সরবরাহ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হবে কক্সবাজারে।
বর্তমানে ঢাকা-কক্সবাজার রুটে পর্যটন এক্সপ্রেস ও কক্সবাজার এক্সপ্রেস নামে দুই জোড়া ট্রেন চলাচল করছে। পর্যটননগরী কক্সবাজারে রেলপথে যাতায়াতের চাহিদা বাড়ায় মহানগর এক্সপ্রেসের রুট সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে।
রেলওয়ে কর্তৃপক্ষের মতে, এই সেবা চালুর ফলে ঢাকা-চট্টগ্রাম রুটের বিভিন্ন এলাকার যাত্রীরা সরাসরি কক্সবাজারে যাতায়াতের আরও সুযোগ পাবেন। আন্তঃনগর রেলসেবা বাড়ানোর সরকারি পরিকল্পনার অংশ হিসেবেও এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আরএন