সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তথ্য হালনাগাদ ও যাচাই কার্যক্রমের অংশ হিসেবে অনলাইন সফটওয়্যার আইপিইএমআইএসে ১৫ ধরনের ছবি আপলোডের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ২৭ অক্টোবরের মধ্যে এসব ছবি আপলোড ও অনুমোদন নিতে হবে। নির্ধারিত সময়ে তথ্য হালনাগাদ না করলে বা ভুল তথ্য পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে অধিদপ্তর।
সোমবার (২৬ অক্টোবর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলামের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, আইপিইএমআইএসে বিদ্যালয়ের তথ্য, শিক্ষক-কর্মচারীদের ব্যক্তিগত প্রোফাইল এবং শিক্ষার্থীদের তথ্য হালনাগাদের জন্য এর আগে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছিল। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ নির্দেশনায় এ কার্যক্রম চলছে।তথ্য যাচাই করে দেখা গেছে, অনেক বিদ্যালয়ের তথ্য, শিক্ষক-কর্মচারীদের ব্যক্তিগত প্রোফাইল ও শিক্ষার্থীদের তথ্য হালনাগাদ করা হলেও নির্দেশনা অনুযায়ী বিদ্যালয়ের রঙিন ছবিসহ প্রয়োজনীয় কিছু তথ্য হালনাগাদ করা হয়নি। এ কারণে নতুন করে ছবি আপলোড ও অনুমোদনের নির্দেশ দেওয়া হয়েছে।
অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, বিদ্যালয়ের রঙিন ছবি, ক্যাচমেন্ট এলাকার মানচিত্র, গেটসহ সীমানাপ্রাচীরের ছবি এবং মাঠসহ বিদ্যালয়ের সম্পূর্ণ দৃশ্য আপলোড করতে হবে। এছাড়া প্রথম থেকে পঞ্চম শ্রেণি এবং প্রাক্-প্রাথমিক শ্রেণিকক্ষের ছবি দিতে হবে। বাকি ছবিগুলোর মধ্যে রয়েছে শিক্ষক কক্ষ, শিক্ষকদের দলীয় ছবি, ওয়াশরুম এবং বিদ্যালয় ভবনের সামনের ও পেছনের সাম্প্রতিক ছবি।শ্রেণিকক্ষের ছবি তোলার সময় কক্ষের আসবাব ও শিক্ষা উপকরণ স্পষ্টভাবে দেখাতে হবে।
এরমধ্যে শিক্ষার্থীদের চেয়ার-টেবিল, ল্যাপটপ, প্রজেক্টর, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) উপকরণসহ কক্ষে থাকা অন্যান্য সামগ্রী রয়েছে। পর্যাপ্ত আলোতে পরিষ্কার ছবি তুলে আপলোড করতে হবে।শিক্ষক কক্ষের ছবিতে সেখানে বসে থাকা শিক্ষকদের দৃশ্যমান রাখতে হবে। তবে সব শিক্ষককে ওই ছবিতে উপস্থিত রাখা বাধ্যতামূলক নয়। শিক্ষকদের দলীয় ছবিতে প্রধান শিক্ষকসহ সব শিক্ষককে বিদ্যালয়ের মূল ভবনের সামনে দাঁড় করিয়ে এমনভাবে ছবি তুলতে হবে, যাতে তাদের স্পষ্টভাবে চেনা যায়।
ছবি তোলার ক্ষেত্রে যেসব নির্দেশনাবিদ্যালয়ের রঙিন ছবিতে ভবনের সম্পূর্ণ অংশ দৃশ্যমান থাকতে হবে। ক্যাচমেন্ট এলাকার মানচিত্রের ছবি হতে হবে স্পষ্ট। গেট ও সীমানাপ্রাচীরের ছবি তোলার ক্ষেত্রে দ্বিতীয় তলা বা উঁচু স্থান থেকে ছবি তুলতে বলা হয়েছে, যাতে উভয়ই স্পষ্টভাবে দেখা যায়।মাঠসহ বিদ্যালয়ের সম্পূর্ণ দৃশ্য দিনের আলোতে সামনের দিক থেকে তুলতে হবে। এতে ভবন ও মাঠের পূর্ণাঙ্গ চিত্র থাকতে হবে। শ্রেণিকক্ষের ছবি তোলার সময় পর্যাপ্ত আলো নিশ্চিত করতে হবে, যাতে কক্ষের অবকাঠামো, আসবাব ও শিক্ষা উপকরণ স্পষ্ট বোঝা যায়।ওয়াশরুমের ক্ষেত্রে সাম্প্রতিক ও স্পষ্ট ছবি আপলোড করতে হবে। তবে বিদ্যালয়ে ওয়াশরুম না থাকলে এ-সংক্রান্ত ছবি দিতে হবে না। ভবনের সামনে ও পেছনের ছবিও সাম্প্রতিক ও স্পষ্ট হতে হবে।
চিঠিতে আগামী ২৭ অক্টোবরের মধ্যে বিদ্যালয়ের প্রয়োজনীয় ছবি আপলোড ও অনুমোদন সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য হালনাগাদ না হলে কিংবা ভুল তথ্য পাওয়া গেলে বিধি অনুযায়ী পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে অধিদপ্তর।
টিআই