মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাতের বিস্তার ঠেকাতে ইরানের রাজধানী তেহরানে বৈঠক করছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের কর্মকর্তারা। আঞ্চলিক উত্তেজনা কমানো, আলোচনার পথ তৈরি ও সংকটের অবসান ঘটিয়ে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করাই এ বৈঠকের লক্ষ্য বলে জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অঞ্চলে সামরিক উত্তেজনা আবারও বেড়ে যাওয়া ঠেকাতে আলোচনার পথ উন্মুক্ত করার গুরুত্বের ওপর জোর দিচ্ছে সৌদি আরব। একই সঙ্গে সংকটের অবসান ঘটিয়ে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে একটি সমঝোতায় পৌঁছানোর পথ তৈরি করাও জরুরি।
বৈঠকে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান আল সৌদ, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন অংশ নিচ্ছেন। তাদের সঙ্গে বৈঠক করছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি।গত আগস্টে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে।
চুক্তি অনুযায়ী, এই তিন দেশের কোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে জোটের সব সদস্যের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।ইয়েমেনের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হুথিরা গত মাসে সৌদি আরবে হামলা জোরদার করার পর এই প্রথম তিন দেশের জোটের সব সদস্যের সঙ্গে ইরানের বৈঠক হচ্ছে। ফলে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ও সংঘাতের বিস্তার ঠেকানোর প্রচেষ্টায় বৈঠকটিকে গুরুত্বপূর্ণ যোগাযোগ হিসেবে দেখা হচ্ছে।সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, আলোচনার মূল লক্ষ্য সামরিক উত্তেজনা নতুন করে ছড়িয়ে পড়া ঠেকানো এবং সংকটের রাজনৈতিক সমাধানের পথ তৈরি করা। তবে বৈঠক থেকে কী ধরনের সমঝোতা আসতে পারে, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি।
সূত্র: আল-জাজিরা
টিআই