গাজীপুরের কোনাবাড়ীর দেউলিয়াবাড়ী এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে আনতে চারটি ইউনিট মোতায়েন করেছে ফায়ার সার্ভিস।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় আগুন লাগার খবর পেয়ে প্রথমে কোনাবাড়ী ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বিবেচনায় আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।
ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টার্সের কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে গুদামটিতে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরিস্থিতি মোকাবিলায় সারাবো ও কাশিমপুর ফায়ার স্টেশন থেকেও দুটি ইউনিট পাঠানো হয়।
সন্ধ্যা ৭টা ৮ মিনিট পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা-ও জানা যায়নি।
গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মোহাম্মদ সাইদুল আলম চৌধুরী জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ও পরিস্থিতি পর্যালোচনার পর জানা যাবে।
এসএস