প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় তাণ্ডব চালিয়েছে শক্তিশালী ঝড় বোয়েলো।
এতে অন্তত দুইজন নিহত হয়েছেন এবং ব্যাহত হয়েছে সড়ক, রেল ও বিমান চলাচল। স্থানীয় সময় রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৭টা পর্যন্ত দেশটির প্রায় ৯০ হাজার বিদ্যুৎ গ্রাহক সংযোগহীন ছিলেন।
ঝড়ের সময় গাছ উপড়ে পড়ে দুইজনের মৃত্যু হয়। স্কটল্যান্ডের ডামফ্রিজ এলাকায় ক্যাসেল ডগলাসের কাছে গাছের আঘাতে ৬০ বছর বয়সী এক ব্যক্তি মারা যান। অন্যদিকে উত্তর লন্ডনে চলন্ত গাড়ির ওপর গাছ ভেঙে পড়লে বিশের কোঠায় থাকা এক তরুণের মৃত্যু হয়। এ ঘটনায় গাছের আঘাতে আহত আরও দুই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ডের কিছু অংশ এবং উত্তর ইংল্যান্ডে। এসব এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যায়। সপ্তাহান্তে স্কটল্যান্ডের কিছু এলাকায় যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তা সেখানকার গড় মাসিক বৃষ্টিপাতের প্রায় এক-তৃতীয়াংশ।
টানা বৃষ্টিতে বন্যার আশঙ্কা দেখা দেওয়ায় যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। ইংল্যান্ডের পরিবেশ সংস্থা ১০টি বন্যা সতর্কতা ও ৬৫টি বন্যা-সংক্রান্ত সতর্কবার্তা জারি করেছে। স্কটল্যান্ডের পরিবেশ সংস্থা ১০টি বন্যা সতর্কতা ও ১১টি সতর্কবার্তা দিয়েছে। ওয়েলসে নয়টি বন্যা-সংক্রান্ত সতর্কবার্তা কার্যকর ছিল।
ঝড়ের কারণে পরিবহনব্যবস্থাও ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। স্কটল্যান্ডের প্রধান সড়কগুলোর কয়েকটি গাছ উপড়ে পড়া, সড়কের ক্ষতি ও তার পড়ে থাকার কারণে বন্ধ রাখতে হয়েছে। স্কটল্যান্ডের রেল নেটওয়ার্কেও বড় ধরনের বিঘ্ন ঘটেছে। বৈরী আবহাওয়ায় লিডস ব্র্যাডফোর্ড বিমানবন্দরে কয়েকটি ফ্লাইট বাতিল বা অন্যত্র পাঠানো হয়েছে।
যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার (২৬ অক্টোবর) আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে। তবে মঙ্গলবার থেকে নতুন একটি আবহাওয়াব্যবস্থার প্রভাবে আবারও ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে স্কটল্যান্ড, উত্তর ইংল্যান্ড ও উত্তর-পূর্ব আয়ারল্যান্ডের কিছু এলাকায় মঙ্গলবার ভোর থেকে রাত পর্যন্ত ঝোড়ো হাওয়ার বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।
এসএস