২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার হামলায় নিহতদের ঘটনায় দায়ের করা মামলা পুনরায় সচল করে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (২৬ অক্টোবর) ২৮ অক্টোবরের ঘটনায় নিহতদের স্মরণে দেওয়া এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতাকর্মীরা লগি-বৈঠা, লোহার রড ও আগ্নেয়াস্ত্র নিয়ে পল্টন এলাকায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীসহ সাধারণ মানুষের ওপর হামলা চালান। ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পল্টন এলাকায় সংঘর্ষ ও সহিংসতা চলে বলে তিনি উল্লেখ করেন।
জামায়াত আমিরের দাবি, ওই ঘটনায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দলটির ও ইসলামী ছাত্রশিবিরের ১৪ জন নেতাকর্মী নিহত এবং সহস্রাধিক আহত হন। তিনি অভিযোগ করেন, হামলার ঘটনায় দায়ের করা মামলাগুলো তৎকালীন সরকার প্রত্যাহার করে নেওয়ায় বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত হয়।
বিবৃতিতে তিনি ২৮ অক্টোবরের ঘটনাকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় হিসেবে উল্লেখ করেন। তার ভাষ্য, ওই ঘটনার ধারাবাহিকতায় দেশে রাজনৈতিক অধিকার, গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, বাকস্বাধীনতা ও ভোটাধিকার ক্ষুণ্ন হয়েছে।
ডা. শফিকুর রহমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে বলে তারা বিশ্বাস করেন। এ পরিস্থিতিতে ২৮ অক্টোবরের ঘটনায় দায়ের করা মামলাগুলো পুনরায় সচল করে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
বিবৃতিতে ২৮ অক্টোবর নিহত ব্যক্তিদের শহীদ হিসেবে কবুল করার জন্য আল্লাহর কাছে দোয়া করেন জামায়াত আমির। একই সঙ্গে ওই ঘটনায় আহত ও পঙ্গুত্ববরণ করে এখনো মানবেতর জীবনযাপন করা ব্যক্তিদের এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।
টিআই