বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, শিক্ষা ও সচেতনতার মাধ্যমে দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো এখন আর পিছিয়ে নেই। তারা বর্তমানে প্রশাসন, সচিবালয় ও বিভিন্ন সরকারি দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
শনিবার (১৬ মে) দুপুরে সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপান-এ বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশনের উদ্যোগে আয়োজিত “বৈচিত্র্যের ঐক্য ও সংস্কৃতির মিলন মেলা” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছেলে-মেয়েদের শিক্ষিত হয়ে এগিয়ে যেতে হবে। তিনি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, “তোমরা শিক্ষিত হলে এক সময় দেশ পরিচালনার দায়িত্বও তোমাদের হাতেই পৌঁছাবে।”
তিনি আরও বলেন, অতীতে কিছু সামাজিক ও সাংস্কৃতিক প্রথা নারীদের আত্মমর্যাদা ও মানসিক বিকাশে বাধা সৃষ্টি করত। তবে এখন পরিস্থিতির পরিবর্তন হয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীরাও বিসিএস ক্যাডারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।
সরকারি চাকরিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য বিশেষ কোটা সুবিধার কথাও উল্লেখ করেন মন্ত্রী। তিনি পুরোনো সংকীর্ণ মানসিকতা থেকে বেরিয়ে এসে নিজস্ব ধর্ম ও সংস্কৃতি বজায় রেখে ছেলে-মেয়েদের শিক্ষার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ জেলার বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীরা।