নারায়ণগঞ্জ শহরের প্রধান প্রধান সড়কের ফুটপাতে সম্মিলিতভাবে হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের অংশগ্রহণে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
এর আগে কয়েকদিন ধরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শহরের হকার উচ্ছেদ অভিযান পরিচালনার ঘোষণা দেওয়া হয়। সেইসঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে দফায় দফায় সভাও করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।
তারই ধারাবাহিকতায় এদিন বিকেলে শহরের চাষাঢ়া এলাকার জিয়া হলের সামনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একত্রিত হন। পরে সবার অংশগ্রহণে একটি সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে শহরের বিভিন্ন সড়কের ফুটপাতে হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বী, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন, খেলাফত মজলিস মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ এবং গণসংহতি জেলা সমন্বয়কারী তরিকুল সুজনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
হকার উচ্ছেদ প্রসঙ্গে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “আমরা নারায়ণগঞ্জে হকার দেখতে চাই না। একসময় দেখা যেত তারা হাতে মালামাল নিয়ে হকারি করতেন। এখন ফুটপাত ও সড়ক দখল করে হকারি করা হচ্ছে। এতে মানুষ ফুটপাত দিয়ে হাঁটতে পারে না, যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটে। আমরা নারায়ণগঞ্জে এই অরাজকতা দেখতে চাই না। হকার উচ্ছেদ অভিযানে সর্বস্তরের জনগণ অংশ নিয়েছে। আমরা সবাই মিলে সুন্দর নারায়ণগঞ্জ গড়তে চাই।”
এসএস/আরএন