ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য নিয়োগ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬, ৯:৩৮ পিএম আপডেট: ০৮.০৬.২০২৬ ৯:৪৩ পিএম
X
Advertisement

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদকে চার বছরের জন্য নিয়োগ দিয়েছে সরকার। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে রোববার (৭ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষর করেন। সোমবার (৮ জুন) সকালে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রজ্ঞাপনটির কপি প্রকাশ করে নবনিযুক্ত উপাচার্যকে অভিনন্দন জানান। এ ছাড়া বিভিন্ন মহল থেকেও তাঁকে শুভেচ্ছা জানানো হয়েছে।

এর আগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফলিত গণিত বিভাগের অধ্যাপক ও ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছিলেন ড. হানিফ মুরাদ। নতুন দায়িত্ব গ্রহণের লক্ষ্যে তাঁকে নোবিপ্রবির ট্রেজারার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের দিন পর্যন্ত—যেটি আগে ঘটবে—সেই সময় পর্যন্ত তিনি উপাচার্যের দায়িত্বে বহাল থাকবেন। তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে। প্রয়োজনবোধে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

ড. হানিফ মুরাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গণিত ও ভৌতবিজ্ঞানী অধ্যাপক ড. জামাল নজরুল ইসলামের তত্ত্বাবধানে তিনি এমফিল ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। দেশি-বিদেশি বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে তাঁর ৩০টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

২০০০ সাল থেকে তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) পূর্ণকালীন শিক্ষকতা করেছেন এবং বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি নোবিপ্রবির ফলিত গণিত বিভাগের গ্রেড-১ অধ্যাপক। বিভিন্ন গবেষণা প্রকল্পের পরিচালক, পাবলিক বিশ্ববিদ্যালয়ের বহিঃস্থ পরীক্ষক এবং বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) পরীক্ষক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

নোবিপ্রবির প্রতিষ্ঠাতা শিক্ষক ও প্রতিষ্ঠাতা রিজেন্ট বোর্ড সদস্য হিসেবে ড. মুরাদ বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠালগ্ন থেকেই যুক্ত রয়েছেন। তিনি প্রক্টর, প্রোভস্ট, বিভাগীয় চেয়ারম্যান, বিজ্ঞান অনুষদের ডিন এবং সর্বশেষ ট্রেজারারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও একাডেমিক পদে দায়িত্ব পালন করেছেন।

নোয়াখালীর সুধারাম উপজেলার বিনোদপুর ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা ড. হানিফ মুরাদ মরহুম আবদুল মন্নান ও মরহুমা শামছুন নাহার বেগমের তৃতীয় পুত্র। 

আরএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement