শেরপুরে মানবপাচার মামলার প্রধান আসামি লাভলু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) রাতে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের দশকাহনিয়া এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ মামলার অপর দুই আসামি পলাতক রয়েছেন।
গ্রেপ্তার লাভলু মিয়া (৪৯) ওই এলাকার জয়তুল্লাহর ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর সদর উপজেলার পাকুরিয়া ভাটিয়াপাড়া এলাকার সাইফুল ইসলামকে সৌদি আরবে ভালো বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখান লাভলু মিয়া। এ জন্য সাইফুলের পরিবারের কাছ থেকে ৬ লাখ ৫০ হাজার টাকা নেন তিনি।
পরে সাইফুলকে সৌদি আরবে পাঠানো হলেও প্রতিশ্রুত চাকরি ও বেতন নিয়ে জটিলতা দেখা দেয়। এ অবস্থায় সাইফুলকে দেশে ফিরিয়ে আনতে তাঁর পরিবার লাভলুর সঙ্গে যোগাযোগ করলে তিনি আরও ১৬ লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ রয়েছে। দাবিকৃত টাকা না দেওয়ায় সাইফুলকে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে বাধা দেওয়া হয় এবং তাঁকে জিম্মি করে রাখা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় সাইফুল ইসলামের স্ত্রী শাহিনা আক্তার বাদী হয়ে লাভলু মিয়াসহ তিনজনের বিরুদ্ধে শেরপুর আদালতে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেন। পরে আদালতের নির্দেশে অভিযান চালিয়ে লাভলুকে গ্রেপ্তার করে পুলিশ।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এমএস / এফএস