ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক কলহের জেরে শ্বশুরের কুড়ালের আঘাতে আব্দুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোররাতে উপজেলার বলিভদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।
নিহত আব্দুর রহমান পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার কারী গোলাম রহমানের ছেলে। অভিযুক্ত তরিকুল ইসলাম বলিভদ্রপুর গ্রামের গাজী রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন আব্দুর রহমান। বেশ কিছুদিন ধরে শ্বশুর ও জামাইয়ের মধ্যে মনোমালিন্য চলছিল। এর জেরে মঙ্গলবার ভোররাতে ক্ষিপ্ত হয়ে তরিকুল ইসলাম ধারালো কুড়াল দিয়ে আব্দুর রহমানকে এলোপাতাড়ি কোপান। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
চিৎকার-চেঁচামেচি শুনে আশপাশের লোকজন ছুটে এসে তরিকুল ইসলামকে আটক করেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্তকে আটক করে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় অভিযুক্ত তরিকুল ইসলামকে আটক করা হয়েছে।