ফরিদপুর শহরের টেপাখোলা সুইচগেটসংলগ্ন নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৩২ বছর বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৭টার দিকে নদীর পশ্চিম পাশে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পরে ঘটনাস্থলে নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা উপস্থিত হন। সিআইডির ক্রাইম সিন ইউনিট প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চালায়। পরে নৌপুলিশ মরদেহটি নিজেদের হেফাজতে নেয়।
পুলিশ জানায়, এখনো নিহতের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নৌপুলিশের সহায়তায় সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এফএস