রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকার একটি বাসা থেকে মোহাম্মদ শাহবাজ (২৬) নামে এক পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রীর ওই বাসা থেকে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, শাহবাজ পেশায় ব্যবসায়ী। তাঁর বাবার নাম নাজির আহমেদ। পাকিস্তানের মুলতান জেলার জালালপুর এলাকায় তাঁর বাড়ি। তিনি দক্ষিণ বনশ্রীর ৩৮ নম্বর বাসার ৯/৫ নম্বর সড়কের এফ ব্লকে বসবাস করতেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বাসাটিতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। পরে বাসার দারোয়ানের মাধ্যমে খবর পেয়ে খিলগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে যায়। বাসার দরজা ভেঙে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সকাল ১০টা ৫০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এফএস