সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশনে ফুটওভারব্রিজ না থাকায় ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার করছেন যাত্রী, পথচারী ও শিক্ষার্থীরা। স্টেশনের এক পাশে বাজার থাকায় প্রতিদিন নানা প্রয়োজনে অসংখ্য মানুষকে একাধিক রেললাইন অতিক্রম করতে হয়। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায়, স্টেশনে একাধিক রেললাইন থাকলেও এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার জন্য নিরাপদ পারাপারের পর্যাপ্ত ব্যবস্থা নেই। ফলে ট্রেন আসছে কি না, তা দেখে দ্রুত লাইন পার হন অনেকে। আবার ট্রেন দাঁড়িয়ে থাকলে সেটির নিচের ফাঁকা জায়গা দিয়ে পার হওয়ার চেষ্টাও করেন কেউ কেউ। সামান্য অসতর্কতাই এ ক্ষেত্রে প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হতে পারে।
সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। পড়াশোনার সামগ্রী কেনা, লাইব্রেরিতে যাওয়া কিংবা বাজারের প্রয়োজনে তাদের নিয়মিত রেললাইন পার হতে হয়। নিরাপদ পারাপারের ব্যবস্থা না থাকায় ট্রেনের গতিবিধি দেখে ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে তাদের।
মোহনপুর গ্লাস স্কুলের ছাত্রী ঈশিতা জানায়, স্কুলে যাতায়াতের সময় অনেক শিক্ষার্থীকে রেললাইন পার হতে হয়। লাইব্রেরি ও বাজার স্টেশনের অন্য পাশে হওয়ায় বই-খাতা কিনতেও সেখানে যেতে হয়। ট্রেন আসছে কি না, তা দেখে সতর্কতার সঙ্গে লাইন পার হতে হয় তাদের। একটু অসতর্ক হলেই বড় দুর্ঘটনা ঘটতে পারে। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য দ্রুত ফুটওভারব্রিজ নির্মাণের দাবি জানায় সে।
বাজারে আসা রহমান বলেন, প্রতিদিন এ স্টেশন দিয়ে বহু মানুষ যাতায়াত করেন। তাদের মধ্যে শিক্ষার্থী ও বয়স্ক ব্যক্তিও রয়েছেন। সবাইকে ঝুঁকি নিয়ে রেললাইন পার হতে হয়। মাঝেমধ্যে প্রাণহানির ঘটনাও ঘটে বলে দাবি করেন তিনি। তার মতে, বড় কোনো দুর্ঘটনার অপেক্ষা না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এখনই নিরাপদ পারাপারের ব্যবস্থা নেওয়া উচিত।
স্থানীয়দের দাবি, স্টেশনে একটি ফুটওভারব্রিজ নির্মাণ করা হলে যাত্রী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচল অনেক নিরাপদ হবে। পাশাপাশি রেললাইন দিয়ে ঝুঁকিপূর্ণ পারাপার বন্ধে সতর্কতামূলক সাইনবোর্ড, নিরাপত্তাব্যবস্থা ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা প্রয়োজন।
এ বিষয়ে স্টেশন মাস্টারের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, স্টেশনের ওপারে বাজার থাকায় অনেকেই রেললাইন পার হয়ে সেখানে যান। এতে দুর্ঘটনা ঘটলে যারা যাতায়াত করেন, তারাই বুঝবেন, এতে তাঁর কোনো দায়দায়িত্ব নেই। তবে স্থানীয়রা ওভারব্রিজ নির্মাণের জন্য আবেদন করলে তা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠিয়ে দেওয়ার কথা জানান তিনি।
স্থানীয়দের প্রশ্ন, প্রাণহানি ও দুর্ঘটনা এড়াতে লাহিড়ী মোহনপুর স্টেশনে ফুটওভারব্রিজ নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কবে উদ্যোগ নেবে? বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই কি নিরাপদ পারাপারের ব্যবস্থা নিশ্চিত করা হবে?
এফএস