ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে শূন্যরেখায় অবস্থান করা ১১ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। দুই দিন ধরে শূন্যরেখায় অবস্থানের পর সোমবার বিকেলে তাদের ফিরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।
বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ জুন ভোররাত আনুমানিক ৩টার পর বিএসএফ পূর্বে শূন্যরেখায় অবস্থানরত ১১ জনকে ভারতীয় ভূখণ্ডে সরিয়ে নেয়। বর্তমানে তারা সীমান্তের শূন্যরেখায় আর অবস্থান করছে না।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে আছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি স্থানীয়রাও সীমান্ত পাহারায় সহযোগিতা করছেন।
তিনি আরও জানান, ৫ জুন রাত সাড়ে ৩টার দিকে হরিপুর উপজেলার মশালগাঁও বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৩৪৯/৭-এস সংলগ্ন স্থানে বিএসএফ ১১ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। খবর পেয়ে বিজিবি টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের শনাক্ত করে এবং প্রবেশে বাধা দেয়।
এরপর থেকে প্রায় ৪৮ ঘণ্টা তারা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছিলেন।
এএ/ এসআর