‘খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের প্রায় ১১ কোটি আত্মসাৎ চেষ্টার অভিযোগে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলীসহ ৮ জনের নামে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৫ অক্টোবর) দুদকের খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মামুনুর রশীদ চৌধুরী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্রে জানা যায়, খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. আশিকুর রহমান বাদী হয়ে অর্থ আত্মাসতের চেষ্টার অভিযোগে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) প্রধান প্রকৌশলী (চঃদাঃ) কাজী মো. সাবিরুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চঃদাঃ, পিআরএল ভোগরত) শামীম জেহাদ, নির্বাহী প্রকৌশলী ও ‘খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্প পরিচালক মো. আরমান হোসেন , নির্বাহী প্রকৌশলী (চঃদাঃ) ও উপ-প্রকল্প পরিচালক মুনতাসির মামুন, সহকারী প্রকৌশলী বাসুদেব কুমার বিশ্বাস, উপ-সহকারী প্রকৌশলী শরীফ ওয়াহিদুজ্জামান এবং ঠিকাদারি প্রতিষ্ঠান আতাউর রহমান খান লিমিটেডের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান ও মাহাবুব ব্রাদার্স প্রা. লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ মাহাবুব রহমানের বিরুদ্ধে মামলা করেছেন।
মামলা সূত্রে জানা যায়, খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন’ প্রকল্পের সরকারি অর্থ (জিওবি ফান্ড) থেকে ঠিকাদারের অনুকূলে প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা যোগসাজশে অর্থ ছাড়ের জন্য প্রত্যয়ন দেয়। পরবর্তীতে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের নিজস্ব সিদ্ধান্তে ওই অর্থ কেডিএর রাজস্ব হিসেবে সংরক্ষণের ব্যবস্থা করা হয়। কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কোনো অনুমোদন নেওয়া হয়নি। এভাবে মোট ১১ কোটি ১৯ লাখ ৯৩ হাজার ৬৮৮ টাকা ৮০ পয়সা আত্মসাতের চেষ্টা করা হয়েছে। অভিযুক্তরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও অসদাচরণের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের চেষ্টা করেছেন বলে দণ্ডবিধির ৫১১, ৪০৯ ও ১০৯ ধারায় অভিযোগ আনা হয় এবং মামলা দায়ের করা হয়েছে।
টিআই