সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় আটকে পড়া বাংলাদেশি ওমরাহযাত্রীদের শেষ কাফেলার ৪০ জন সদস্য আজ দুপুরে জেদ্দা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে পৌঁছান। ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর নির্দেশনায় পরিচালক (হজ) মো: লোকমান হোসেন ও মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ ফরহাদ আহমেদসহ মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে তাঁদের অভ্যর্থনা জানান।
ওমরাহযাত্রীদের নিরাপদে দেশে ফেরাতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক সমন্বয় করা হয়। ধর্মমন্ত্রী, সৌদি আরবে অবস্থাকালীন ওমরাহযাত্রী দলের সঙ্গে সবসময় যোগাযোগ অব্যাহত রাখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিতে নির্দেশনা প্রদান করেন।
ধর্ম মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের নিজস্ব উদ্যোগে সেখানে অবস্থানরত ওমরাহযাত্রীদের দুই দিনের আপ্যায়ন ও পোশাকের ব্যবস্থা করা হয়। এছাড়াও পরবর্তীতে বিমানবন্দরে প্রত্যাবর্তণের পর ধর্মমন্ত্রীর ব্যক্তিগত তহবিল হতে ওমরাহযাত্রীদের আপ্যায়ন ও তাঁদের নিজ গন্তব্য সিরাজগঞ্জ শহরে পৌঁছানোর জন্য যানবাহন সুবিধা প্রদান করা হয়।
দেশে ফেরার পর ওমরাহযাত্রীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। কাফেলার নেতৃত্বে থাকা মুয়াল্লিম আব্দুল্লাহ-আল-মামুন জানান, সৌদি আরবে থাকাকালীন ধর্মমন্ত্রী প্রতিমুহূর্তে তাঁদের সঙ্গে যোগাযোগ রেখেছেন, নিয়মিত খোঁজখবর নিয়েছেন এবং কর্তৃপক্ষকে তাঁদের সবসময় পাশে থেকে সর্বাত্মক সহায়তার নির্দেশ দিয়েছিলেন।
তিনি আরও জানান, লাগেজ না পাওয়ার কারণে বিপাকে পড়া যাত্রীদের মাঝে ধর্মমন্ত্রীর নির্দেশনায় আপ্যায়ন, পোশাক-পরিচ্ছদসহ প্রয়োজনীয় ওষুধপত্র বিতরণ করা হয়। পাশাপাশি দেশে ফেরার পর তাঁদের আপ্যায়ন এবং নিজ নিজ গন্তব্যে (সিরাজগঞ্জ) নিরাপদে পৌঁছানোর জন্য যানবাহনের ব্যবস্থা করায় তাঁরা ধর্মমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। মন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনাসহ আল্লাহর মেহমানদের খেদমতে যেন আরও বেশি কাজ করে যেতে পারেন সেজন্য ওমরাহযাত্রীরা দোয়া করেন।
এছাড়া ওমরাহযাত্রীরা রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস, মক্কা ও মদিনা হজ মিশন, রাজকীয় সৌদি সরকার এবং সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষকে তাঁদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
উল্লেখ্য, হুতি বিদ্রোহীদের হামলার শিকার হওয়া বাংলাদেশি ওমরাহ কাফেলার ৭ জন ওমরাহযাত্রী আহত অবস্থায় সৌদি আরবের রাজধানী রিয়াদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
টিআই