ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ২০৬ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত এবং আরও ১৬১ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী আলীরেজা কাজেমি।
বুধবার যুদ্ধে নিহত সামরিক কমান্ডারদের জানাজার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার কারণে এসব হতাহতের ঘটনা ঘটেছে।
এদিকে ইরানের প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। অনেক বিশেষজ্ঞের মতে, হামলাটি মূলত যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি হামলার প্রথম দিন দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে অন্তত ১৭০ জন নিহত হয়, যাদের বেশির ভাগই ৭ থেকে ১২ বছর বয়সী শিশু শিক্ষার্থী।
বুধবার ইতালির সিনেটে দেওয়া বক্তব্যে জর্জিয়া মেলোনি বলেন, দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি স্কুলে নারী ও শিশু শিক্ষার্থীদের ওপর সংঘটিত এই হত্যাকাণ্ডের তিনি তীব্র নিন্দা জানাচ্ছেন। তিনি এ ঘটনার দায় দ্রুত নিরূপণের আহ্বান জানান।
এদিকে ইরানের লোরিস্তান প্রদেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এ পর্যন্ত ৫২টি স্কুল এবং পাঁচটি চিকিৎসা কেন্দ্রে হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা তাসনিম।
লোরিস্তান প্রদেশের গভর্নরের বরাতে জানানো হয়, প্রদেশটির ১০টি প্রশাসনিক এলাকায় চালানো এসব হামলায় দুই হাজার ৫০০টির বেশি আবাসিক ও বাণিজ্যিক ভবন ধ্বংস হয়েছে। এছাড়া ১৩টি ক্রীড়া কেন্দ্র এবং রেড ক্রিসেন্টের দুটি উদ্ধারকেন্দ্রেও হামলা চালানো হয়েছে। সূত্র: আল-জাজিরা।
এসআর