ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পুরোনো প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে খালেদা জিয়ার নামে নামকরণ নয়: প্রধানমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১১:০৪ পিএম আপডেট: ০৪.০৬.২০২৬ ১০:৫৪ এএম
X

দেশের কোনো বিদ্যমান বা পুরোনো সরকারি প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে নামকরণ না করার নীতিগত নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন করে ‘বেগম খালেদা জিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কেরানীগঞ্জ’ করার একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠায়।

তবে প্রস্তাবটি অনুমোদন না দিয়ে প্রধানমন্ত্রী নীতিগতভাবে নির্দেশনা দেন যে, বিদ্যমান কোনো প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে বেগম খালেদা জিয়ার নামে নামকরণ করা হবে না।

মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, ভবিষ্যতেও এ ধরনের বিষয়ে একই নীতি অনুসরণ করা হবে। অর্থাৎ নতুন কোনো প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হলে প্রয়োজন অনুযায়ী নামকরণের বিষয় বিবেচনা করা যেতে পারে, তবে পুরোনো প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের মাধ্যমে নয়।

প্রধানমন্ত্রীর এই নির্দেশনার ফলে কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বর্তমান নাম বহাল থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) জানান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি সারসংক্ষেপ পাঠায়। যেখানে কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন করে ‘বেগম খালেদা জিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কেরানীগঞ্জ’ করার অনুমোদন চাওয়া হয়। তবে প্রধানমন্ত্রী প্রস্তাবটি অনুমোদন করেননি। তিনি একটি নীতিগত নির্দেশনা দিয়ে বলেন, ‘প্রয়োজনে নতুন প্রতিষ্ঠানের নামকরণ করুন, পুরোনো নয়।’

প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার অর্থ হলো—বিদ্যমান প্রতিষ্ঠানগুলো তাদের বর্তমান নামেই থাকবে। তবে ভবিষ্যতে কোনো নতুন প্রতিষ্ঠান বা উদ্যোগের ক্ষেত্রে প্রস্তাবিত নামটি বিবেচনা করা যেতে পারে।

এর আগে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর প্রসঙ্গে একটি প্রস্তাবের সারসংক্ষেপে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্তব্য নিয়ে আলোচনার সৃষ্টি হয়। মশকনিধন কার্যক্রম পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের প্রস্তাবের বিষয়ে তিনি মন্তব্য করেছিলেন, ‘মশকনিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যেকোনো ডোবার পাশে দুই-তিন ঘণ্টা অবস্থান করলেই মশকনিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।’

মশকনিধন কার্যক্রম পরিদর্শনের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন ও আরও পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের জন্য ওই প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছিল।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝