বাংলা ভাষা ও সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন নয়জন। এ বছর সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনীতদের নাম প্রকাশ করা হয়। এবার মোট ৮টি ক্যাটাগরিতে ৯ জনকে পুরস্কার দেওয়া হবে।
পুরস্কারপ্রাপ্তরা হলেন: কবিতা: মোহন রায়হান, কথাসাহিত্য: নাসিমা আনিস, প্রবন্ধ–গদ্য: সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্য: হাসান হাফিজ, অনুবাদ: আলী আহমদ, গবেষণা: মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞান: ফারসীম মান্নান মোহাম্মদী, মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্য: মঈদুল হাসান।
সংবাদ বিজ্ঞপ্তিতে একাডেমি জানায়, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর জন্য ‘প্রস্তাবক কমিটি’র প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে এবং ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি’র সিদ্ধান্তক্রমে বাংলা একাডেমি নির্বাহী পরিষদ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৬ অনুমোদন করেছে।
আগামী ২৬ ফেব্রুয়ারি বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করবেন।
আরএন