রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আগামী ১২ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। আবেদন চলবে ২০২৭ সালের ৭ জানুয়ারি পর্যন্ত। নির্ধারিত যোগ্যতা পূরণকারী শিক্ষার্থীরা রুয়েটের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইট (www.admission.ruet.ac.bd) থেকে আবেদন করতে পারবেন।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা-সংক্রান্ত স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষা স্টিয়ারিং কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কামরুজ্জামান।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আবেদন প্রক্রিয়া শেষ হলে অনলাইন থেকেই প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন পরীক্ষার্থীরা। আগামী ২৮ জানুয়ারি (বৃহস্পতিবার) রুয়েট ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) একযোগে একই প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের অংশগ্রহণ সহজ করতে রুয়েটের পাশাপাশি বুয়েট কেন্দ্রেও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে আবেদন, প্রবেশপত্র সংগ্রহ, আসনবিন্যাস ও ফল প্রকাশের তারিখসহ প্রয়োজনীয় সব তথ্য পাওয়া যাবে।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তি পরীক্ষা বহুনির্বাচনি (এমসিকিউ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ‘ক’ ও ‘খ’—উভয় গ্রুপের প্রার্থীদের উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে ৮০টি প্রশ্নের বিপরীতে মোট ৪০০ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হবে। এ ছাড়া ‘খ’ গ্রুপের প্রার্থীদের অতিরিক্ত ২০০ নম্বরের মুক্তহস্ত অঙ্কন এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি পরীক্ষায় অংশ নিতে হবে।
এসএস