বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগ পরীক্ষা বিসিএস পরীক্ষার মানের কাছাকাছি নেওয়ার চিন্তা করছে সরকার। শিক্ষক নিয়োগে স্বচ্ছতা ও যোগ্যতা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীতে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) ২১২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকতার সবচেয়ে বড় অর্জন অর্থ বা পদমর্যাদা নয়; বরং সামাজিক মর্যাদা ও মানুষের সম্মান। শিক্ষকদের আগের চাকরির পদমর্যাদা ও বেতনের সঙ্গে শিক্ষকতাকে তুলনা না করার পরামর্শও দেন তিনি।
একজন শিক্ষকের সবচেয়ে বড় সাফল্য শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলা উল্লেখ করে এহছানুল হক মিলন বলেন, কতজন শিক্ষার্থীকে ভালোভাবে পড়িয়ে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা গেছে, সেটিই শিক্ষকের প্রথম সাফল্য। আরেকটি বড় তৃপ্তি হলো, পাঠদানের সময় শিক্ষক নিজে কতটা শিখলেন এবং তাঁর জ্ঞান কতটা বাড়ল।
শিক্ষা খাতের বিভিন্ন সমস্যা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষক নিয়োগ, পদায়ন, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে বিদ্যমান জটিলতা দূর করতে সরকার কাজ করছে। বিসিএস ও নন-ক্যাডার শিক্ষকদের মধ্যকার বৈষম্য এবং আত্মীকরণসংক্রান্ত সমস্যা সমাধানেও উদ্যোগ নেওয়া হচ্ছে।
শিক্ষকদের বিদ্যমান প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, প্রশিক্ষণ শুধু গতানুগতিক বা রুটিননির্ভর হলে চলবে না। এতে নতুন ধারণা, সৃজনশীলতা, প্রযুক্তির ব্যবহার ও বিষয়ভিত্তিক দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনারা সবাই শিক্ষক। প্রত্যেক শিক্ষকই একজন শিক্ষার্থী। আমি শিখব, আপনি শিখবেন, আপনি শেখাবেন, আমি শেখাব।’
প্রশিক্ষণ থেকে কী শিখেছেন, কী শিখতে পারেননি এবং কী শেখার প্রত্যাশা ছিল, তা লিখিতভাবে জানানোর আহ্বান জানান তিনি। শিক্ষকদের মতামত ও অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে প্রশিক্ষণ কার্যক্রমের মানোন্নয়নে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।
-টিএস