গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) জুলাই গণঅভ্যুত্থান ও শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আঁকা গ্রাফিতি ও বিভিন্ন স্লোগান মুছে দিয়েছেন একদল শিক্ষার্থী। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, মুক্তমঞ্চের আশপাশ এবং প্রশাসনিক ভবনের বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গ্রাফিতি মোছার সময় আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহফুজুর রহমান শুভ, ২০২২-২৩ শিক্ষাবর্ষের মেহেদী ও সিকদার জয়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ইরফান সাজিদ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবিদসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
গ্রাফিতি মোছার কারণ জানতে চাইলে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, ‘হাদি গোপালগঞ্জকে নিয়ে কটূক্তি করেছিলেন। গোপালগঞ্জের মাটিতে ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাদির কোনো কিছু আমরা রাখতে চাই না। এ কারণেই এসব গ্রাফিতি মুছে দিচ্ছি।’
তাঁদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানতে চাইলে তাঁরা নিজেদের সাধারণ শিক্ষার্থী হিসেবে দাবি করেন। এ সময় তাঁরা বলেন, ‘আমাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। আমরা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী। আজকের এই কর্মসূচিতে অংশ নেওয়া আমরা সবাই গোপালগঞ্জের সন্তান।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এস এম আহসানের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
ঘটনাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি এবং হাদি হত্যার বিচার দাবিতে আঁকা গ্রাফিতি সংরক্ষণ ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
আরএন