নদীভাঙনে বাস্তুচ্যুত মানুষের নাগরিক পরিচয়, সামাজিক সুরক্ষা ও সরকারি সেবা নিশ্চিত করতে পরিবারভিত্তিক তথ্য শনাক্তের উদ্যোগ নিয়েছে সরকার। ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আওতায় ফ্যামিলি ট্রি তৈরির মাধ্যমে বাস্তুচ্যুত মানুষের পারিবারিক শিকড় ও পরিচয় শনাক্ত করা হচ্ছে। এতে নদীভাঙনে ঠিকানাহারা মানুষের সরকারি সেবার আওতায় আসার সুযোগ তৈরি হবে।
আজ সোমবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে ‘নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, নাগরিক অধিকার ও জীবিকার নিরাপত্তা’ শীর্ষক এক মতবিনিময় সভায় সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব এ কথা জানান।
তিনি বলেন, নদীভাঙনে সম্পদের ক্ষয়ক্ষতির চেয়েও বড় সংকট হলো মানুষের ঠিকানাহীন হয়ে পড়া। অনেক সময় বাস্তুচ্যুত মানুষ নাগরিক পরিচয় ও সরকারি সেবা পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হন। এ সমস্যা সমাধানে ফ্যামিলি কার্ড বিতরণের জন্য পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ ও ফ্যামিলি ট্রি তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে একজন ব্যক্তি কোথা থেকে এসেছেন, তাঁর পারিবারিক উৎস ও শিকড় কোথায়, তা শনাক্ত করা সম্ভব হবে। ফলে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষকে চিহ্নিত করে সরকারি সহায়তার আওতায় আনা সহজ হবে।
সভায় উপস্থাপিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষের প্রায় ২৬ শতাংশ নদীভাঙনের শিকার। গত ৫০ বছরে নদীভাঙনে দেশের প্রায় দেড় হাজার বর্গকিলোমিটার জমি নদীগর্ভে বিলীন হয়েছে। এতে বিপুলসংখ্যক মানুষ বসতভিটা ও জীবিকা হারানোর পাশাপাশি সামাজিক বন্ধন, নাগরিক অধিকার, মানসিক স্বস্তি এবং নিজস্ব পরিচয়ের সংকটে পড়ছেন।
ইনসাইটস নলেজ, মানব মুক্তি সংস্থা (এমএমএস) এবং শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটির (এসডিএস) যৌথ উদ্যোগে পরিচালিত ‘সাকিন’ গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।
হিউম্যানিটারিয়ান অ্যাডভাইজরি গ্রুপের (এইচএজি) অর্থায়নে সিরাজগঞ্জ ও শরীয়তপুর জেলায় গবেষণাটি পরিচালিত হয়।
গবেষণার ফলাফল উপস্থাপন করেন ইনসাইটস নলেজের অ্যাডভাইজার সুমন আহসানুল ইসলাম। তিনি বলেন, নদীভাঙন কেবল ভূমি ও বসতভিটা হারানোর দুর্যোগ নয়; এটি মানুষের জীবিকা, পরিচয়, সামাজিক সম্পর্ক, মানসিক অবস্থা এবং নাগরিক অধিকারকে গভীরভাবে প্রভাবিত করে। এ কারণে নদীভাঙন মোকাবিলায় শুধু নদীতীর রক্ষা নয়, ক্ষতিগ্রস্ত মানুষের জীবন, জীবিকা, নাগরিক অধিকার ও ভবিষ্যৎ নিরাপত্তাকেও সমান গুরুত্ব দিতে হবে।
সভাপতির বক্তব্যে ইনসাইটস নলেজের চেয়ারপার্সন নাহিদ সিদ্দিকী বলেন, নদীভাঙনের কারণে সৃষ্ট মানসিক কষ্ট বাস্তুচ্যুত মানুষের জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। এ সংকট মোকাবিলায় নদীশাসন ও জরুরি সহায়তার পাশাপাশি নিরাপদ বসতি, টেকসই জীবিকা এবং সামাজিক সুরক্ষার ধারাবাহিকতা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে শিক্ষা ও স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার এবং ক্ষতিগ্রস্ত মানুষের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ বাড়াতে হবে।
সভায় বক্তারা নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনকে শুধু আবাসন বা আর্থিক সহায়তার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের নাগরিক পরিচয়, সামাজিক মর্যাদা, জীবিকার নিরাপত্তা এবং সরকারি সেবায় প্রবেশাধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
টিআই