ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিয়ের প্রলোভনে চীনে নারী পাচার, ৫ বছরে ৭৩০টি ঘটনা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

বিয়ের প্রলোভন, চাকরি ও উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি নারী ও কন্যাশিশুদের চীনে পাচারের ঝুঁকি বাড়ছে। ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাঁচ বছরে খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান-এ তিন পার্বত্য জেলায় মানব পাচারের ৭৩০টির বেশি ঘটনা নথিভুক্ত হয়েছে।

এর মধ্যে খাগড়াছড়িতে প্রায় ৪০০, রাঙ্গামাটিতে ৩০০ এবং বান্দরবানে ৩০টি ঘটনা রয়েছে। তবে সামাজিক কলঙ্ক, ভয় ও গোপনীয়তার কারণে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে উঠে এসেছে এক গবেষণায়।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত মানবপাচার বিষয়ক অ্যাডভোকেসি ও মিডিয়া ক্যাম্পেইনে উপস্থাপিত গবেষণাপত্রে এসব তথ্য জানানো হয়।

‘পার্বত্য চট্টগ্রাম থেকে সুদূর চীন: পার্বত্য চট্টগ্রামে মানবপাচার প্রতিরোধে আর্থ-সামাজিক চালিকাশক্তি এবং নীতিগত ঘাটতি’ শীর্ষক গবেষণায় বলা হয়েছে, প্রতারণামূলক বিয়ে, চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে নারীদের টার্গেট করছে পাচারকারী চক্র। এ ক্ষেত্রে আত্মীয়-স্বজন ও পরিচিতজনের মাধ্যমে যোগাযোগের পাশাপাশি ফেসবুক, উইচ্যাট ও হোয়াটসঅ্যাপের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা হচ্ছে। এমনকি জন্মনিবন্ধন, নাম, বয়স ও অভিভাবকের তথ্য পরিবর্তনের মতো অনিয়মের ঘটনাও উঠে এসেছে গবেষণায়।

গবেষণায় বলা হয়, দারিদ্র্য, বেকারত্ব, ভূমিসংকট, শিক্ষার সীমিত সুযোগ, লিঙ্গবৈষম্য এবং প্রাতিষ্ঠানিক সুরক্ষার দুর্বলতা পাহাড়ি নারী ও তরুণীদের পাচারের ঝুঁকি বাড়াচ্ছে। বিদেশে উন্নত জীবনের আশ্বাস দেওয়া হলেও পাচারের শিকার অনেক নারী সেখানে গিয়ে গৃহস্থালি শ্রমে বাধ্য হওয়া, যৌন ও মানসিক নির্যাতন এবং ব্যক্তিস্বাধীনতা হারানোর মতো পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানা বলেন, চীনে অবস্থানরত অনেক নারী বিভিন্ন ধরনের বৈষম্য ও মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছেন। বাংলাদেশের নারীদের উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে চীনে পাচারের ঘটনা উদ্বেগজনক। মানব পাচার প্রতিরোধে সংশ্লিষ্ট আইন বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট সৃজনী ত্রিপুরা বলেন, মানবপাচারের ঘটনায় মামলা হলেও অনেক ক্ষেত্রে বাদীরা পরে আপস-মীমাংসায় চলে যান। এতে অপরাধীরা পার পেয়ে যাওয়ার সুযোগ পায়। পাচারের শিকার হয়ে দেশে ফিরে আসা নারীদের অভিজ্ঞতা নিয়েও গবেষণা করা প্রয়োজন।

পাশাপাশি পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে। অনলাইনে সাক্ষ্য দেওয়ার সুযোগ কাজে লাগিয়ে বিচারপ্রক্রিয়া এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুষ্মিতা খীসা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন কিংবা আবেগঘন পোস্ট দেওয়া তরুণীরাও পাচারকারীদের লক্ষ্যবস্তু হতে পারেন। এ বিষয়ে তরুণীদের মধ্যে সচেতনতা বাড়ানো প্রয়োজন।

সভাপতির বক্তব্যে তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা মানবপাচার প্রতিরোধে সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা, কেএমকেএসের নির্বাহী পরিচালক গীতিকা ত্রিপুরা ও কারবারি অঞ্জলি ত্রিপুরা।

সঞ্চালনা করেন এম্পাওয়ারমেন্ট প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী শাশ্বতী দেওয়ান। গবেষণার ফলাফল ও সুপারিশ উপস্থাপন করেন প্রকল্পের সিনিয়র মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার স্মৃতি রঞ্জন ধামাই।

গবেষণাটি খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলায় গুণগত ও অংশগ্রহণমূলক পদ্ধতিতে পরিচালিত হয়। এতে ৩৪ জন প্রাথমিক উত্তরদাতার সাক্ষাৎকার, পাঁচজন গুরুত্বপূর্ণ তথ্যদাতার সাক্ষাৎকার, তিনটি দলীয় আলোচনা (এফজিডি), ১০টি বিস্তারিত কেস স্টাডি, ১৫ জনের অংশগ্রহণে একটি যাচাই কর্মশালা এবং ২০-৩০টি নথি পর্যালোচনা করা হয়।

গবেষণায় মানবপাচার প্রতিরোধে জনগোষ্ঠীভিত্তিক সচেতনতা বৃদ্ধি, নারীদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন, বিদেশি নাগরিকের সঙ্গে বিয়ে নিবন্ধনে যাচাই-বাছাই জোরদার, পাচারের শিকার ব্যক্তিদের আইনি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত, আন্তঃদেশীয় সহযোগিতা এবং নির্ভরযোগ্য তথ্যভান্ডার গড়ে তোলার সুপারিশ করা হয়েছে।

সিএসও-সিবিও নেটওয়ার্কের আয়োজনে এবং তৃণমূল উন্নয়ন সংস্থার এম্পাওয়ারমেন্ট প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে স্থানীয় জনপ্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝