ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বান্দরবানে কঠিন চীবর দানোৎসব উদযাপন
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৭:২১ পিএম
X

বান্দরবানের উজানীপাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহারে নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকালে বিহারের দায়ক-দায়িকা ও উপাসক-উপাসিকাদের উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়।

উৎসব উপলক্ষে ভোর ৫টায় বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় সূত্রপাঠের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন এবং পূজনীয় ভিক্ষুসংঘের প্রাতরাশের আয়োজন করা হয়।

সকাল ৮টায় রাজবাড়ি থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উজানীপাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহারে গিয়ে শেষ হয়। পরে বিহারে বুদ্ধপূজা, অষ্টপরিষ্কার দান, মহাসংঘদান, কঠিন চীবর উৎসর্গ ও ধর্মদেশনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে চীবর উৎসর্গ, শীল প্রদান ও ধর্মদেশনা পরিচালনা করেন নাইক্ষ্যংছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ মহাসংঘনায়ক ভদন্ত আসাবা মহাথের, চিৎমরম বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ রাজনিকায় সংঘনায়ক ভদন্ত পামোক্ষা মহাথের, পার্বত্য ভিক্ষু পরিষদের সভাপতি ভদন্ত পঞঞানন্দ মহাথের, মহাসচিব ভদন্ত তেজপ্রিয় মহাথের এবং উজানীপাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ড. সুবন্নলংকারা মহাথেরসহ বিভিন্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষরা।

কঠিন চীবর দানোৎসবে উপস্থিত ছিলেন বোমাং রাজা বোমাংগ্রী উচ প্রু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মারমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএসমং, পার্বত্য জেলা পরিষদের সদস্য চনুমং মারমাসহ বিহারের দায়ক-দায়িকা এবং বিভিন্ন বয়সী বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ।

বৌদ্ধ ধর্মীয় রীতি অনুযায়ী, মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি, সুতা রং করা এবং কাপড় বুননের মাধ্যমে চীবর প্রস্তুত করে ভিক্ষুসংঘকে দান করা হয়। এই বিশেষ দানের মধ্য দিয়ে দানকারীরা কায়িক, বাচনিক ও মানসিকভাবে পুণ্য অর্জন করেন। বৌদ্ধ শাস্ত্রে এ দানকে শ্রেষ্ঠ দান বা কঠিন চীবর দান হিসেবে অভিহিত করা হয়েছে।

প্রবারণা পূর্ণিমার পর এক মাস ধরে বান্দরবানের বিভিন্ন বৌদ্ধ বিহারে এ উৎসবের আয়োজন করা হয়। এ সময় বৌদ্ধ ধর্মাবলম্বীরা সম্মিলিতভাবে চীবর তৈরি করে ভিক্ষুসংঘের উদ্দেশে উৎসর্গ করেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এ দানের মাধ্যমে সুখ, শান্তি ও মঙ্গল কামনা করা হয়।

এসডি/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝