বরগুনার আমতলীতে ঘুষের এক লাখ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তারা।
রবিবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে আমতলী পৌরসভার সামনে কেন্দ্রীয় লেকের সৌন্দর্যবর্ধন প্রকল্পের নির্মাণাধীন ওয়াকওয়ের কাছ থেকে তাঁকে আটক করা হয়।
দুদক সূত্রে জানা গেছে, আমতলী পৌরসভার সামনে অবস্থিত কেন্দ্রীয় লেকের সৌন্দর্যবর্ধনের জন্য বিশ্বব্যাংকের অর্থায়নে স্থানীয় সরকার মন্ত্রণালয় ২০২৩-২৪ অর্থবছরে ১২ কোটি ৫৬ লাখ ৯৮ হাজার ৩২৩ টাকা বরাদ্দ দেয়। লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্টের আওতায় এ কাজের দরপত্র আহ্বান করা হয় ২০২৪ সালের এপ্রিলে। সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজটি পায় ঝালকাঠির ঠিকাদারি প্রতিষ্ঠান ইসলাম ব্রাদার্স। পরবর্তী সময়ে কাজটি হাতবদল হয়ে বর্তমানে বাস্তবায়ন করছেন বরিশালের ঠিকাদার শেখ নোমান রেজা।
২০২৪ সালের ২৫ অক্টোবর প্রকল্পের কাজ উদ্বোধন করেন তৎকালীন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মুহাম্মদ আশরাফুল আলম।
ঠিকাদার শেখ নোমান রেজার অভিযোগ, কাজ শুরুর পর থেকেই পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খান তাঁর কাছে মোটা অঙ্কের ঘুষ দাবি করে আসছিলেন। দাবিকৃত টাকা না দেওয়ায় তাঁকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছিল এবং প্রকল্পের কাজ সঠিকভাবে বাস্তবায়নে বাধা দেওয়া হচ্ছিল। এ ঘটনায় গত ১৯ নভেম্বর দুদক পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ করেন তিনি।
অভিযোগের পর দুদক পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. তাপস বিশ্বাসের নেতৃত্বে একটি দল রবিবার সকালে আমতলীতে অভিযান চালায়। এ সময় পৌরসভার সামনে থেকে এক লাখ টাকাসহ প্রকৌশলী রুবেল খানকে আটক করা হয়। পরে দুপুরে তাঁকে আমতলী থানায় হস্তান্তর করা হয়।
ঠিকাদার শেখ নোমান রেজা বলেন, “কাজের শুরু থেকেই উপসহকারী প্রকৌশলী রুবেল খান ঘুষের টাকার জন্য আমাদের বিভিন্নভাবে হয়রানি করে আসছিলেন। নিরুপায় হয়ে গত ১৯ নভেম্বর দুদকে অভিযোগ করি। আজ দুদকের অভিযানে তাঁকে টাকাসহ আটকের মাধ্যমে আমার অভিযোগের বিষয়টি সামনে এসেছে।”
দুদক পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. তাপস বিশ্বাস বলেন, অভিযোগের ভিত্তিতে রবিবার আমতলীতে অভিযান চালানো হয়। এ সময় ঘুষের এক লাখ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আমতলী থানায় হস্তান্তর করা হয়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, দুদকের কর্মকর্তারা আটক প্রকৌশলীকে থানায় সোপর্দ করেছেন। সোমবার সকালে তাঁকে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।
এসকে/আরএন