নেত্রকোণার মদন পৌরসভা এলাকায় টোল আদায়কে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে লাথির আঘাতে জুলাইযোদ্ধা আব্দুল বারেক (৮৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে মদন-কেন্দুয়া সড়কের চানগাঁও ইউনিয়নের চকপাড়া মড়লবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মদন পৌরসভার বাড়িভাদেড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে আতিকুল ইসলাম (১৯) সড়কে টোল আদায় করছিলেন। এ সময় সিএনজিচালিত অটোরিকশার টোল আদায়কে কেন্দ্র করে চানগাঁও ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত আব্দুল গনির ছেলে জুলাইযোদ্ধা আব্দুল বারেকের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে আতিকুলের লাথির আঘাতে আব্দুল বারেক মাটিতে লুটিয়ে পড়েন বলে অভিযোগ উঠেছে। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে শফিকুল বলেন, “টোল আদায়কারী আমার বাবাকে পিটিয়ে হত্যা করেছে। আমি আমার বাবার হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসি চাই।”
এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম বলেন, “এ ঘটনায় প্রধান অভিযুক্তকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”
এসআই/আরএন