নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ইসদাইর এলাকায় রতন ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিকের মধ্যে পাশার পর এবার রঞ্জিতেরও মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে গত শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান শ্রমিক পাশা।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধ অবস্থায় দুই শ্রমিককে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। তাঁদের মধ্যে পাশার শরীরের ৮৭ শতাংশ এবং রঞ্জিতের শরীরের ৫২ শতাংশ পুড়ে গিয়েছিল। উভয়েরই ইনহেলেশন ইনজুরি (শ্বাসনালিতে ধোঁয়া বা তাপজনিত আঘাত) ছিল। তাঁদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। চিকিৎসাধীন অবস্থায় শনিবার পাশা এবং সোমবার সন্ধ্যা ৬টার দিকে রঞ্জিত মারা যান।
উল্লেখ্য, গত শুক্রবার (২০ নভেম্বর) রাত আনুমানিক সোয়া ২টার দিকে রতন মিয়ার মালিকানাধীন রতন ডাইং কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। এ সময় তাঁরা কারখানার ভেতরে ধোঁয়ায় আচ্ছন্ন পরিবেশ দেখতে পান। পরে সেখান থেকে দুই শ্রমিককে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কারখানার মালিক আব্দুল বাসেত ওরফে রতনকে আটক করা হয়েছে বলে জানান ফতুল্লা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক আবু রায়হান নূর।
এসএস/আরএন