বৈধভাবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্র নিয়ে কর্মসংস্থানের উদ্দেশ্যে লাওসে গিয়ে কাজ ও কোম্পানি খুঁজে পাচ্ছেন না ২০ বাংলাদেশি কর্মী। রেস্টুরেন্টে চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাদের পাঠানো হলেও দেশটিতে পৌঁছানোর পর আড়াই মাসের বেশি সময় ধরে কোনো কাজ দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। বর্তমানে খাদ্য, অর্থ ও আবাসন সংকটে থাকা এসব কর্মীকে বাড়িভাড়া পরিশোধ করতে না পারায় আজ, ২৩ নভেম্বর, বাসা ছাড়ার চূড়ান্ত নোটিশ দেওয়া হয়েছে।
এ ঘটনায় জরুরি হস্তক্ষেপ, কর্মীদের নিরাপত্তা, খাদ্য ও আবাসন নিশ্চিত করা এবং প্রতারণায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছে অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন বাংলাদেশ।
আবেদনে বলা হয়, মেসার্স টিকে এন্টারপ্রাইজ (আরএল-১৫২৭) লাওসের সাউদার্মানি সোল কোম্পানি লিমিটেডের নামে ৩০ জন কর্মীর চাহিদাপত্র সংগ্রহ করে। পরে মেসার্স টিকে এন্টারপ্রাইজ ও শাইনিং ওভারসিস (আরএল-২৭১৬) এবং মধ্যস্থতাকারী কার্তিক খান্নার মাধ্যমে বিএমইটির ছাড়পত্র নিয়ে ২০২৬ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে বিভিন্ন সময়ে কর্মীদের লাওসে পাঠানো হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, লাওসের ‘রেডিশন রেস্টুরেন্টে’ চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাদের। কিন্তু দেশটিতে পৌঁছানোর পর কোম্পানি ও কাজের সন্ধান পাননি তারা। লাওসে থাকা বাংলাদেশি প্রতিনিধি সৈকত তাদের রাজধানী ভিয়েনতিয়েনের পার্শ্ববর্তী একটি বাসায় রেখে চলে যান। এরপর দীর্ঘ সময় ধরে তাদের কর্মসংস্থান, ভরণপোষণ ও নিরাপদ আবাসনের কোনো ব্যবস্থা করা হয়নি।
বর্তমানে কর্মীরা অর্থ ও খাদ্যসংকটে দিন কাটাচ্ছেন। বাসাভাড়া পরিশোধ না করায় বাড়ির মালিক ২৩ নভেম্বর তাদের বাসা ছাড়ার চূড়ান্ত নোটিশ দিয়েছেন। এতে ওই রাত থেকেই তাদের আশ্রয়হীন হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। কর্মসংস্থানের আশায় বিদেশে যাওয়া এসব কর্মী এখন নিরাপদ আশ্রয়, খাবার ও দেশে ফেরার নিশ্চয়তা নিয়ে উদ্বিগ্ন।
ভুক্তভোগীদের আরও অভিযোগ, বাংলাদেশে অবস্থানরত মধ্যস্থতাকারী ও রিক্রুটিং এজেন্সির সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়, সংশ্লিষ্ট এজেন্সি অর্থ পরিশোধ না করায় তাদের কাজ দেওয়া সম্ভব হচ্ছে না। এমনকি কাজ পেতে নতুন করে অর্থ দেওয়ার কথাও বলা হচ্ছে। বিদেশে যাওয়ার জন্য প্রত্যেক কর্মী ইতোমধ্যে প্রায় ৬ লাখ টাকা ব্যয় করেছেন বলে জানিয়েছেন। নতুন করে অর্থ দেওয়ার চাপ তাদের সংকট আরও বাড়িয়েছে।
কর্মসংস্থান ও নিরাপদ প্রত্যাবাসনের ব্যবস্থা না হওয়ায় কয়েকজন কর্মী বাধ্য হয়ে অনিরাপদ ও অনিয়মিতভাবে কাজ খোঁজার চেষ্টা করছেন। এতে তারা স্থানীয় আইনি জটিলতা, শোষণ ও পুনরায় মানবপাচারের ঝুঁকিতে পড়তে পারেন বলে উদ্বেগ জানিয়েছে অনির্বাণ।
সংগঠনটির সভাপতি মো. আল-আমিন নয়ন বলেন, ‘মানুষ জীবিকার আশায় বৈধ প্রক্রিয়ায় বিদেশে যান। কিন্তু কর্মস্থলে পৌঁছে যদি কাজ বা কোম্পানি না পান, খাবার ও থাকার জায়গা হারানোর ভয় থাকে, তাহলে তাদের নিরাপত্তার দায়িত্ব কে নেবে? বিদেশে কর্মসংস্থানের নামে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে তাদের এমন অনিশ্চয়তার মধ্যে ফেলে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা চাই, এই কর্মীদের অবিলম্বে নিরাপত্তা, খাবার ও আবাসন নিশ্চিত করা হোক এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনা হোক।’
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে পাঠানো আবেদনে অনির্বাণ জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাস বা দায়িত্বপ্রাপ্ত মিশনের মাধ্যমে কর্মীদের বর্তমান অবস্থা যাচাই, নিরাপদ আবাসন ও খাদ্য সহায়তা নিশ্চিত এবং প্রতিশ্রুত কর্মসংস্থান বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছে।
আবেদনে আরও বলা হয়েছে, কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব না হলে কর্মীদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি অভিবাসন ব্যয় বাবদ প্রত্যেকের দেওয়া ৬ লাখ টাকা সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি ও দায়ীদের কাছ থেকে আদায় করে ফেরত দেওয়ার দাবি জানানো হয়েছে।
এ ছাড়া মেসার্স টিকে এন্টারপ্রাইজ (আরএল-১৫২৭), শাইনিং ওভারসিস (আরএল-২৭১৬) এবং সংশ্লিষ্ট মধ্যস্থতাকারীদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে সংগঠনটি।
অনির্বাণের পক্ষ থেকে বলা হয়েছে, বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণার শিকার ব্যক্তিদের দ্রুত সুরক্ষা দেওয়া এবং অসাধু নিয়োগকারী ও মধ্যস্থতাকারীদের জবাবদিহির আওতায় আনা জরুরি।
টিআই