দেশের ৬১টি জেলার প্রায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করতে ভূমি মন্ত্রণালয়ের ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সঙ্গে চুক্তি করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।
সোমবার স্থানীয় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এতে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব মো. পারভেজ হাসান বিপিএএ এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস স্বাক্ষর করেন।
এই উদ্যোগের মাধ্যমে ভূমিসংক্রান্ত তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা, তথ্য সহজলভ্য করা, প্রশাসনিক কাজে বিলম্ব কমানো এবং ভূমির অধিকার সুরক্ষা জোরদার করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। হোল্ডিং ও খতিয়ানের রেকর্ড সমন্বিত ডিজিটাল ব্যবস্থায় আনা হলে নাগরিকেরা সহজে ভূমিসংক্রান্ত তথ্য সংগ্রহ, ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং অনলাইনে ই-নামজারির আবেদন করতে পারবেন। এতে ভূমিসেবা নিতে বারবার ভূমি অফিসে যাওয়ার প্রয়োজন কমবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, আধুনিক, স্বচ্ছ ও নাগরিকবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে ভূমির নির্ভুল ডিজিটাল রেকর্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অংশীদারত্ব ভূমিসংক্রান্ত বিরোধ ও অনিয়ম কমানোর পাশাপাশি নাগরিকদের ভোগান্তি ছাড়াই নির্ভরযোগ্য সেবা পেতে সহায়তা করবে।
ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, নির্ভুল ভূমি রেকর্ড দক্ষ ও নির্ভরযোগ্য ভূমিসেবার ভিত্তি। রেকর্ডে ভুল থাকলে তার ওপর গড়ে ওঠা সেবাও ত্রুটিপূর্ণ হবে। নাগরিকদের প্রাপ্য সেবা নিশ্চিত করতে শতভাগ নির্ভুল ডিজিটাল রেকর্ড তৈরির লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী বলেন, নির্ভুল ডিজিটাল ভূমি তথ্য ছাড়া আধুনিক ভূমিসেবা টেকসই হতে পারে না। ভূমি অফিসের রেকর্ড যত নির্ভুল হবে, নাগরিকদের ভোগান্তি তত কমবে, ভূমিসংক্রান্ত বিরোধ হ্রাস পাবে এবং রাজস্ব আদায়ে স্বচ্ছতা বাড়বে।
ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস বলেন, উন্নত ভূমি তথ্য শুধু ভূমি প্রশাসনকে উন্নত করে না; বরং এমন পরিবেশ তৈরি করে, যেখানে মানুষ সহজে সরকারি সেবা পায় এবং ব্যবসাপ্রতিষ্ঠান বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে। মন্ত্রণালয়ের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে চালু করা ব্যবস্থা ও প্রক্রিয়াগুলোকে আস্থাভাজন ও বিশ্বাসযোগ্য করে তোলাই তাঁদের লক্ষ্য।
অনুষ্ঠানে ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র ন্যাশনাল কনসালট্যান্ট মো. আতিকুল হক প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরেন। স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক মো. পারভেজ হাসান বিপিএএ।
ভূমি মন্ত্রণালয় ও ইউএনডিপির এ অংশীদারত্বের কার্যক্রম শুরু হয় ২০২৫ সালে প্রাক্-পাইলট কার্যক্রমের মাধ্যমে। পরে আটটি পাইলট জেলায় কার্যক্রম বাস্তবায়ন করা হয়। দ্বিতীয় পর্যায়ে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে তা সম্প্রসারণ করা হয়। এ পর্যন্ত ১১টি জেলার ৩৩৪টি ইউনিয়ন ভূমি অফিসের প্রায় ১ কোটি ৩৩ লাখ হোল্ডিং ও খতিয়ানের রেকর্ড ডিজিটাল করা হয়েছে।
এ ছাড়া বিদ্যমান ভূমি রেকর্ডের অসংগতি শনাক্ত করতেও ইউএনডিপি সহায়তা করেছে। এর ফলে ভূমি মন্ত্রণালয়ের প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ সহজ হয়েছে। দেশব্যাপী এ কার্যক্রমে একাধিক স্তরে তথ্য যাচাই, মাঠপর্যায়ে পর্যবেক্ষণ এবং ডিজিটাল পদ্ধতিতে তথ্যের মান নিশ্চিত করার মাধ্যমে জবাবদিহি ও তথ্যের নির্ভরযোগ্যতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এ অংশীদারত্বের ফলে ভূমি ব্যবস্থাপনায় সুশাসন জোরদার, জালিয়াতির সুযোগ হ্রাস এবং নারী, প্রতিবন্ধী ব্যক্তি, প্রবাসী ও ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জন্য ভূমিসেবা আরও সহজলভ্য হবে বলে আশা করা হচ্ছে।