নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য ও বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। সম্মিলিতভাবে যেকোনো অপশক্তির বিরুদ্ধে মোকাবিলা করতে বিএনপি প্রস্তুত।
তিনি বলেন, “আমরা এখন ডিসেম্বরের কথা শুনছি। আমরা দেখতে চাই, এই গল্প কতটা সত্য। এর জন্য আমরা শতভাগ ঐক্যবদ্ধ এবং শতভাগ প্রস্তুত।”
স্বৈরাচারীদের উদ্দেশে আজাদ বলেন, “মুখে কথা বলে লাভ নেই, কাজে দেখতে চাই। ভালো থাকতে চাইলে চুপচাপ থাকেন। আগাবেন, ঝামেলা হবে; ঝামেলা করতে গেলে ১০০ গুণ বেশি ঝামেলায় পড়বেন।”
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের সহিংসতা ও নৈরাজ্য প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আজাদ বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের প্রত্যেক নেতৃবৃন্দ, সরকার ও প্রশাসনসহ আমরা সম্মিলিতভাবে গার্মেন্টসের সমস্যাগুলোর সমাধান করেছি। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করেছি। আমরা আশা করছি, নারায়ণগঞ্জে কোনো সমস্যা নেই।”
তিনি বলেন, “স্বৈরাচারীদের দোসরদের আমি অবগত করতে চাই—নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠন ঐক্যবদ্ধ। তাদের যেকোনো অপশক্তি মোকাবিলায় আমরা ঐক্যবদ্ধভাবে যথেষ্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের সব ধরনের অপশক্তির বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত।”
এ সময় নেতাকর্মীদের সতর্ক করে নজরুল ইসলাম আজাদ বলেন, “উল্টাপাল্টা ইটের জবাব পাথর দিয়ে হবে ইনশাআল্লাহ। দুষ্টুমি করে কোনো লাভ নেই। দুষ্টুমি করলে ফলাফল কিন্তু খুব ভয়াবহ হবে।”
বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, “আমাদের নেতা তারেক রহমান খুব মানবিকভাবে চিন্তা করেন। আপনারা দেখেছেন, বাসাবাড়িতে কোনো হয়রানি হয়নি, কোনো দুর্ভোগ হয়নি। কিন্তু দেশের জনগণের অধিকার কেউ নষ্ট করতে চাইলে, জানমালের ক্ষতি করতে চাইলে কিংবা দেশকে অস্থিতিশীল করতে চাইলে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।”
এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক,ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার,মহানগর ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মন্টি, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল প্রমুখ।
এসএস/এসএস