ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
১৫ বছরের চুক্তিতে শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৭:৪৮ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব জাপানি কোম্পানির কাছে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। 
 
চুক্তি অনুযায়ী, জাপানি কোম্পানির কাছ থেকে অগ্রিম ৮১ লাখ মার্কিন ডলার পাবে সরকার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা। পাশাপাশি যাত্রী ও কার্গো পরিবহন থেকে অর্জিত রাজস্বের অংশও মিলবে সরকারের।
 
সোমবার (২৩ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
 
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রস্তাবটি সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) পদ্ধতিতে বাস্তবায়ন করা হবে। ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের আওতায় জাপানি সাব-ওয়ার্কিং গ্রুপের (এসডব্লিউজি) মাধ্যমে টার্মিনাল-৩ পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
 
জানা গেছে, তৃতীয় টার্মিনাল নির্মাণের পর এর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে জাপানি কোম্পানিটি আগ্রহ প্রকাশ করে আর্থিক প্রস্তাব জমা দেয়। ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ প্রস্তাবটি যাচাই-বাছাই করে দর-কষাকষি সম্পন্ন করে। পরে প্রস্তাবিত কনসেশন চুক্তি লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের মাধ্যমে ভেটিং করা হয়। ভেটিংয়ের পর অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের মতামত নিয়ে চুক্তিটি চূড়ান্ত করা হয়।

চুক্তির শর্ত অনুযায়ী, টার্মিনাল-৩ পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য কনসেশন পিরিয়ড হবে ১৫ বছর। এ জন্য জাপানি কোম্পানিকে অগ্রিম ৮১ লাখ মার্কিন ডলার দিতে হবে।
 
চুক্তিতে যাত্রী ও কার্গো পরিবহন থেকে রাজস্ব ভাগাভাগির শর্তও রাখা হয়েছে। যাত্রী পরিবহনের ক্ষেত্রে মোট রাজস্বের ২৭ শতাংশ অথবা যাত্রীপ্রতি ২ দশমিক ১ মার্কিন ডলার এবং কার্গো পরিবহনের ক্ষেত্রে মোট রাজস্বের ২৭ শতাংশ অথবা প্রতি মেট্রিক টনে ১১ দশমিক ৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
 
এছাড়া এমবারকেশন ফি বাবদ ১২ দশমিক ৫ মার্কিন ডলারের বিষয়টি চুক্তিতে উল্লেখ রয়েছে। বর্তমানে এ খাতে স্থানীয় মুদ্রায় ৫০০ টাকা নেওয়া হয়।
 
গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ক্ষেত্রেও চুক্তিতে শর্ত রাখা হয়েছে। এতে বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত সম্পন্ন করবে।
 
প্রকল্প হস্তান্তরের তারিখ থেকে ১৪ মাসের মধ্যে টার্মিনাল-৩-এর পূর্ণাঙ্গ পরিচালন কার্যক্রম চালু করতে হবে বলেও চুক্তির শর্ত রাখা হচ্ছে।
 
জানা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ২২ হাজার ২১৩ কোটি ৯ লাখ ৬৪ হাজার টাকা। ২০১৬ সালের ১ জুলাই শুরু হওয়া প্রকল্পটির মেয়াদ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারিত রয়েছে।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝