ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পর্ষদে থাকতে পারবেন না সচিব
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮:০৫ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে চেয়ারম্যান বা পরিচালক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ হারাচ্ছেন কর্মরত সচিব ও সমমর্যাদার কর্মকর্তারা। একই বিধান প্রযোজ্য হবে সরকারের শেয়ার রয়েছে এমন বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও। নতুন নীতিমালা অনুযায়ী চেয়ারম্যান নিয়োগে লাগবে প্রধানমন্ত্রীর অনুমোদন।

সম্প্রতি এ সংক্রান্ত নতুন নীতিমালা জারি হয়েছে।

পাশাপাশি এসব প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের এক-তৃতীয়াংশ পদে যোগ্য নারী প্রার্থীকে পরিচালক হিসেবে নিয়োগ বা মনোনয়নের বিষয়টি বিবেচনা করতে হবে। চেয়ারম্যান নিয়োগে লাগবে প্রধানমন্ত্রীর অনুমোদন।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে সুশাসন, পেশাদারিত্ব ও দক্ষতা বাড়াতে চেয়ারম্যান ও পরিচালক নিয়োগের নতুন নীতিমালা জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এতে চেয়ারম্যান ও পরিচালক নিয়োগের যোগ্যতা, বয়স, অভিজ্ঞতা, মেয়াদ এবং নিয়োগপ্রক্রিয়া নির্ধারণ করে দেওয়া হয়েছে।

নীতিমালা অনুযায়ী, চেয়ারম্যান ও পরিচালক পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে ৪৫ থেকে ৭৫ বছরের মধ্যে। থাকতে হবে কমপক্ষে ১০ বছরের প্রশাসনিক, ব্যবস্থাপনা অথবা পেশাগত অভিজ্ঞতা। তবে বিশেষ দক্ষতা ও কর্ম-অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা শিথিল করার সুযোগ রাখা হয়েছে।

পর্ষদে থাকবেন সিএ, আইন বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ব্যাংকার

নতুন নীতিমালায় পরিচালনা পর্ষদে বিভিন্ন পেশার দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিটি পর্ষদে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) অথবা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ), একজন আইন বিশেষজ্ঞ এবং একজন অভিজ্ঞ অবসরপ্রাপ্ত ব্যাংকার রাখার কথা বলা হয়েছে।

এ ছাড়া অর্থনীতি, অর্থায়ন, ব্যাংকিং, আর্থিক বাজার, পুঁজিবাজার, মুদ্রানীতি, আর্থিক ব্যবস্থাপনা, ঋণ ও ঝুঁকি ব্যবস্থাপনা, করপোরেট সুশাসন, ব্যবসায় শিক্ষা, ব্যবসায় প্রশাসন, কৃষি, শিল্প, আইন ও তথ্যপ্রযুক্তিতে জ্ঞান ও অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

পর্ষদে যোগ্য নারী পরিচালকের প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয়টিও নীতিমালায় গুরুত্ব পেয়েছে। এ ক্ষেত্রে মোট পরিচালকের এক-তৃতীয়াংশ পদে যোগ্য নারী প্রার্থীকে নিয়োগ বা মনোনয়নের বিষয়টি বিবেচনা করতে হবে। পাশাপাশি ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে স্বতন্ত্র পরিচালক নিয়োগের বিধান অনুসরণ করতে হবে।

এক ব্যক্তি দুই মেয়াদের বেশি পরিচালক থাকতে পারবেন না

নীতিমালা অনুযায়ী, চেয়ারম্যান ও পরিচালকদের মেয়াদ হবে সর্বোচ্চ তিন বছর। কোনো ব্যক্তি টানা দুই মেয়াদের বেশি পরিচালক থাকতে পারবেন না। তবে এক মেয়াদ বিরতির পর আবার নিয়োগ বা মনোনয়ন পাওয়ার সুযোগ থাকবে। সে ক্ষেত্রে আগের মেয়াদে তাঁর কর্মদক্ষতা ও ভূমিকা বিবেচনা করা হবে।

একই সময়ে একাধিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে থাকার সুযোগও থাকছে না। তবে সরকারের বিশেষ নির্দেশনা বা আইনি বিধান থাকলে এ নিয়মের ব্যতিক্রম হতে পারে।

এ ছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, বহিঃহিসাব নিরীক্ষক, আইন উপদেষ্টা, পরামর্শক কিংবা বেতনভুক্ত কর্মচারী হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন বা গত পাঁচ বছরের মধ্যে দায়িত্ব পালন করেছেন—এমন কেউ ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা পরিচালক হতে পারবেন না। স্বার্থের সংঘাত রয়েছে, এমন প্রার্থীকেও নিয়োগ বা মনোনয়নের জন্য বিবেচনা করা হবে না।

ছয় সদস্যের বাছাই কমিটি, চেয়ারম্যান নিয়োগে লাগবে প্রধানমন্ত্রীর অনুমোদন

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগের জন্য ছয় সদস্যের একটি বাছাই কমিটি গঠন করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সংশ্লিষ্ট অনুবিভাগের অতিরিক্ত সচিব বা যুগ্মসচিব, অর্থ বিভাগের একজন প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অধিশাখা ও শাখার কর্মকর্তারা থাকবেন। কেন্দ্রীয় ব্যাংক শাখার উপসচিব বা সিনিয়র সহকারী সচিব কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

বাছাই কমিটি প্রার্থীদের যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা, আর্থিক অবস্থা ও নৈতিকতা যাচাই করবে। এ জন্য প্রার্থীদের ‘ফিট অ্যান্ড প্রপার টেস্ট’, গোয়েন্দা প্রতিবেদন এবং ঋণসংক্রান্ত ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

কমিটির সুপারিশের পর চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর অনুমোদন নিতে হবে। আর পরিচালক নিয়োগ বা মনোনয়নের জন্য প্রয়োজন হবে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর অনুমোদন। পুনর্নিয়োগের ক্ষেত্রেও আগের মেয়াদের কর্মদক্ষতা যাচাই করা হবে।

দৈনন্দিন কাজে পর্ষদ সদস্যরা হস্তক্ষেপ করতে পারবেন না

পরিচালনা পর্ষদের দায়িত্ব ও ক্ষমতার বিষয়েও স্পষ্ট নির্দেশনা দিয়েছে নতুন নীতিমালা। এতে বলা হয়েছে, ব্যাংকের নীতি প্রণয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ নিরীক্ষা ও নিয়ন্ত্রণ এবং আইন ও বিধিবিধান পরিপালন নিশ্চিত করার দায়িত্ব পালন করবে পরিচালনা পর্ষদ।

তবে প্রতিষ্ঠানের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রমে পর্ষদ সদস্যরা হস্তক্ষেপ করতে পারবেন না। অর্থাৎ নীতিনির্ধারণ ও তদারকির দায়িত্ব পর্ষদের হলেও নিয়মিত ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব সংশ্লিষ্ট ব্যবস্থাপনার ওপরই থাকবে।

পরিচালকদের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বাড়াতে ব্যাংকিং বিধিবিধান, মানিলন্ডারিং প্রতিরোধ, করপোরেট সুশাসন এবং ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। তাঁদের দায়িত্ব-কর্তব্য ও সম্মানীর ক্ষেত্রে সরকার এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসরণ করতে হবে।

যেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কার্যকর হবে নীতিমালা

নতুন নীতিমালা সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক এবং সম্মিলিত ইসলামী ব্যাংকসহ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

এ ছাড়া সরকারের শেয়ার রয়েছে এমন বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও এর আওতায় থাকবে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আইএফআইসি ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এবং বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন।

নতুন নীতিমালার মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ গঠনে পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার কাঠামো নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে নিয়োগপ্রক্রিয়ায় বাছাই কমিটির সুপারিশ এবং সরকারের উচ্চপর্যায়ের অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝