এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর শিক্ষার্থীদের ফল পরিবর্তনের পরিসংখ্যানে বড় ধরনের অসংগতি দেখা দিয়েছে। প্রথম প্রকাশিত হিসাবে ৩৩ হাজার ৩৪৯ জনের ফল পরিবর্তনের কথা জানানো হলেও পরবর্তী হিসাবে এ সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৩ হাজার ১৪৫ জনে। দুই হিসাবের মধ্যে ১০ হাজার ২০৪ জনের পার্থক্য থাকায় নতুন করে পরিসংখ্যান যাচাই করছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। পরে ফলাফলের সারসংক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট গ্রুপ এবং শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে দেওয়া হয়। তবে সন্ধ্যার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের গ্রুপ থেকে পরিসংখ্যানের সারসংক্ষেপ সরিয়ে নেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকাশিত পরিসংখ্যানে বিভিন্ন শিক্ষা বোর্ডের ফল পরিবর্তনের সংখ্যায় অসংগতি ধরা পড়েছে। বিশেষ করে কয়েকটি বোর্ডের হিসাবে উল্লেখযোগ্য পার্থক্য পাওয়া গেছে। এ পরিস্থিতিতে সব বোর্ডের তথ্য আবার যাচাই করে নতুন পরিসংখ্যান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। যাচাই শেষ হলে সংশোধিত হিসাব প্রকাশ করা হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ফলাফলের পরিসংখ্যানে কিছু অসংগতি পাওয়া গেছে। এ কারণে সব বোর্ডের সঙ্গে যোগাযোগ করে তথ্য সংগ্রহ করা হচ্ছে। সোমবার রাত ৮টার আগেই নতুন হিসাব পাওয়া যেতে পারে বলে তারা জানান।
দুই হিসাবে ১০ হাজার ২০৪ জনের পার্থক্য
প্রথম প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, দেশের ১১টি শিক্ষা বোর্ডে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন ২ লাখ ৯১ হাজার ২১১ শিক্ষার্থী। তাদের মধ্যে ৩৩ হাজার ৩৪৯ জনের ফল পরিবর্তন হয়েছিল। সে হিসাবে ফল পরিবর্তনের হার ছিল ১১ দশমিক ৪৫ শতাংশ।
তবে পরবর্তী সংশোধিত হিসাবে একই সংখ্যক আবেদনকারীর মধ্যে ২৩ হাজার ১৪৫ জনের ফল পরিবর্তনের তথ্য পাওয়া গেছে। এতে ফল পরিবর্তনের হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৯৫ শতাংশে। অর্থাৎ প্রথম হিসাবের তুলনায় এ হার কমেছে ৩ দশমিক ৫০ শতাংশ পয়েন্ট।
সবচেয়ে বেশি গরমিল ময়মনসিংহ বোর্ডে
বোর্ডভিত্তিক পরিসংখ্যানে সবচেয়ে বড় পার্থক্য পাওয়া গেছে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে। প্রথম হিসাবে এ বোর্ডে ৮ হাজার ৩৩৯ শিক্ষার্থীর ফল পরিবর্তনের তথ্য দেওয়া হয়েছিল। সংশোধিত হিসাবে তা কমে হয়েছে ২ হাজার ৬৬৮ জন। অর্থাৎ দুই হিসাবের মধ্যে পার্থক্য ৫ হাজার ৬৭১ জন।
বরিশাল শিক্ষা বোর্ডেও বড় ধরনের অসংগতি দেখা গেছে। প্রথম হিসাবে ২ হাজার ৭৭২ জনের ফল পরিবর্তনের কথা জানানো হলেও পরবর্তী হিসাবে এ সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫২০ জনে। দুই হিসাবের ব্যবধান ২ হাজার ২৫২ জন।
কারিগরি শিক্ষা বোর্ডে প্রথমে ৩ হাজার ৮৬০ জনের ফল পরিবর্তনের তথ্য দেওয়া হয়েছিল। সংশোধিত হিসাবে তা কমে হয়েছে ২ হাজার ৩০৭ জন।
এ ছাড়া কুমিল্লা বোর্ডে ফল পরিবর্তনের সংখ্যা ৩ হাজার ৬৫ থেকে কমে ২ হাজার ৮১৩, যশোরে ১ হাজার ৯০৯ থেকে ১ হাজার ৭৩৬, দিনাজপুরে ২ হাজার ২৪৮ থেকে ২ হাজার ৩৫ এবং সিলেটে ১ হাজার ৩৫৩ থেকে ১ হাজার ২৬৭ জনে নেমেছে।
রাজশাহী শিক্ষা বোর্ডে প্রথম হিসাবে ৭৭৯ জনের ফল পরিবর্তনের তথ্য থাকলেও সংশোধিত হিসাবে তা হয়েছে ৭৭৫ জন। অন্যদিকে ঢাকা, চট্টগ্রাম ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের ক্ষেত্রে দুই হিসাবেই ফল পরিবর্তনের সংখ্যা অপরিবর্তিত রয়েছে।
সংশোধিত হিসাবে ফেল থেকে পাস ৫ হাজার ৫৪৮ জন
সংশোধিত পরিসংখ্যান অনুযায়ী, পুনর্নিরীক্ষণে মোট ২৫ হাজার ৮১০টি গ্রেড পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছেন ৫ হাজার ৫৪৮ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬০০ জন। এ ছাড়া ফেল থেকে সরাসরি জিপিএ-৫ পেয়েছেন ২০ জন।
তবে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মোট সংখ্যা নিয়ে প্রকাশিত পরিসংখ্যানে অসংগতি রয়েছে। সেখানে মোট ১ হাজার ৮০৬ জনের জিপিএ-৫ পাওয়ার তথ্য দেওয়া হলেও উপস্থাপিত উপাত্তের সঙ্গে এ সংখ্যার হিসাব মিলছে না।
বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৫ হাজার ৮৫৩ জনের ফল পরিবর্তন হয়েছে। এরপর কুমিল্লায় ২ হাজার ৮১৩, ময়মনসিংহে ২ হাজার ৬৬৮, কারিগরি শিক্ষা বোর্ডে ২ হাজার ৩০৭, চট্টগ্রামে ২ হাজার ৪৩ এবং দিনাজপুরে ২ হাজার ৩৫ জনের ফল পরিবর্তনের তথ্য পাওয়া গেছে।
তবে এসব পরিসংখ্যান এখনো চূড়ান্ত নয়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি নতুন করে হিসাব যাচাই করছে। যাচাই শেষে ফল পরিবর্তন, ফেল থেকে পাস এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সঠিক সংখ্যা প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এসএস