দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন উচ্চতর আদালত। ফলে এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণ এবং সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের আগেই বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষা নিতে পারবে।
এর আগে গত ১৮ নভেম্বর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দেন। একই সঙ্গে পুনর্নিরীক্ষণ ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের আগে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।
ওই আদেশের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তবে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের অনলাইনে আবেদন গ্রহণ কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।
চলতি বছরের এইচএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার বিষয়টি সামনে রেখে রিট আবেদনটি করা হয়েছিল। আবেদনকারীদের আশঙ্কা ছিল, সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন।
নির্ধারিত সূচি অনুযায়ী, সম্পূরক পরীক্ষা ১ থেকে ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা এবং এর ফল ২৩ ডিসেম্বর প্রকাশের সম্ভাবনা রয়েছে।
হাইকোর্টের আগের আদেশ স্থগিত হওয়ায় বিশ্ববিদ্যালয়গুলো তাদের পূর্বনির্ধারিত ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী কার্যক্রম পরিচালনার সুযোগ পাচ্ছে।