ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কিছু বিশ্ববিদ্যালয়কে বেকারত্বের কারখানা বানানোর জন্য বাজেট দিতে হচ্ছে: শিক্ষামন্ত্রী
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৫:৫০ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বেকারত্বের কারখানায় পরিণত করা যাবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, কিছু বিশ্ববিদ্যালয়কে বেকারত্বের কারখানা বানানোর জন্য বাজেট দিতে হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলো কী পরিমাণ বেকার তৈরি করছে, তার হিসাবও সরকারের কাছে থাকা প্রয়োজন। শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করতে হবে।

রবিবার (২২ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

শিক্ষামন্ত্রী বলেন, শুধু শিক্ষার্থীদের ইন্টার্নশিপের জন্য শিল্পপ্রতিষ্ঠানে পাঠালেই হবে না, শিক্ষকদেরও আগে শিল্পপ্রতিষ্ঠানে যেতে হবে। সেখানকার চাহিদা সম্পর্কে জেনে গবেষণা করতে হবে। সেই গবেষণার ভিত্তিতে কারিকুলাম ও সিলেবাস তৈরি করে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হলে শিল্পপ্রতিষ্ঠানগুলো কী সুবিধা পাবে, সেটিও নিশ্চিত করতে হবে। এক হাত আরেক হাত ধোয়ার মতো বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানকে পরস্পরের জন্য কাজ করতে হবে।

তিনি বলেন, গবেষণালব্ধ জ্ঞানকে বাণিজ্যিকভাবে কাজে লাগাতে হবে। শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণা ও উদ্ভাবনের সম্পর্ক তৈরি করতে হবে। শিল্প খাতের প্রতিনিধিদের নিজেদের সুনির্দিষ্ট প্রয়োজন ও প্রত্যাশা বিশ্ববিদ্যালয়ের কাছে তুলে ধরতে হবে। কারিকুলাম অ্যাডভাইজরি বোর্ড, ইনোভেশন হাব, ইনকিউবেটর প্রতিষ্ঠা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের যৌথ গবেষণার বিষয়ে সরকার সহযোগিতা করতে প্রস্তুত।

বিশ্ববিদ্যালয়ের বাজেট ও গবেষণায় বরাদ্দ নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বা গবেষণার বাজেটে কোনও অভাব নেই। বরাদ্দ করা অর্থ যথাযথভাবে ব্যয় হচ্ছে কি না, সেটি নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী প্রয়োজনীয় অর্থ দিতে প্রস্তুত থাকলেও বিশ্ববিদ্যালয়গুলো বরাদ্দের অর্থ যথাযথভাবে ব্যয় করতে পারছে না। গবেষণায় বরাদ্দ বাড়ানোর দাবি তোলার আগে কত টাকা প্রয়োজন এবং কী কাজে ব্যয় হবে, তা নির্ধারণ করা জরুরি।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বাজেট বরাদ্দ দেয় এবং সরকার ইউজিসিকে অর্থ সরবরাহ করে। ইউজিসির ছয় সদস্যের মধ্যে চার জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের। ফলে বাজেট বরাদ্দে বঞ্চিত হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রশ্ন তোলার সুযোগ রয়েছে। অথচ বরাদ্দ ও ব্যয়ের বিষয়ে নিজেদের সমস্যাও বিশ্ববিদ্যালয়গুলো চিহ্নিত করতে পারছে না।

শিক্ষকদের দীর্ঘ সময় ক্লাস নেওয়া, গবেষণাপত্র ও থিসিস তৈরির প্রসঙ্গ তুলে শিক্ষামন্ত্রী বলেন, এসব গবেষণার বাস্তব প্রয়োগ কোথায়, তা দেখতে হবে। শুধু গবেষণাপত্র তৈরি করলে হবে না, গবেষণার ফলাফল শিল্প, অর্থনীতি ও কর্মসংস্থানে কাজে লাগাতে হবে। বিশ্ববিদ্যালয়ের উৎপাদনশীলতা এবং তাদের গবেষণা থেকে কী ফল পাওয়া যাচ্ছে, সে বিষয়েও স্পষ্ট ধারণা থাকতে হবে।

বেকারত্বের চিত্র তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, দেশে বেকারত্ব দূর করতে বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকর পরিকল্পনা দিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে আগামী পাঁচ বছরে বিশ্ববিদ্যালয়টি কতটা বেকারত্ব কমাতে পারবে, সেই তথ্য চেয়েছেন তিনি। কিন্তু নয় মাসেও এ বিষয়ে তথ্য পাওয়া যায়নি বলে জানান শিক্ষামন্ত্রী। তাঁর ভাষ্য, পরিকল্পনা ও তথ্যভান্ডার না থাকলে শিক্ষাব্যবস্থার উন্নয়নে কার্যকর সিদ্ধান্ত নেওয়া কঠিন।

বিশ্ববিদ্যালয়ে অপ্রয়োজনীয় বিভাগ খোলার সমালোচনা করে তিনি বলেন, শ্রমবাজারের চাহিদা বিবেচনা না করে নতুন বিভাগ খোলা উচিত নয়। শিক্ষক রাজনীতি বা শিক্ষার্থীদের রাজনীতির বিবেচনায় যেসব বিভাগ খোলা হয়েছে, সেগুলোর প্রয়োজনীয়তা পর্যালোচনা করতে হবে। বর্তমান শ্রমবাজারে যেসব বিভাগের প্রয়োজন নেই, সেগুলোর অনুমোদন দেওয়া থেকে বিরত থাকতে ইউজিসির প্রতিও আহ্বান জানান তিনি।

শিক্ষাব্যবস্থায় দীর্ঘসূত্রতা ও সেশনজট নিয়েও অসন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা, ফল প্রকাশ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ায় দীর্ঘ সময় ব্যয় হচ্ছে। এতে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল ৬০ দিনের মধ্যে প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। পুনর্নিরীক্ষণের ফলও দ্রুত প্রকাশের ব্যবস্থা করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের কথা রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম দ্রুত শেষ করার তাগিদ দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়কে দ্রুত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলেছিলেন। কিন্তু নিজেদের পরিকল্পনার কারণে শেষ পর্যন্ত বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। ভর্তি কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে আদালতের স্থগিতাদেশের প্রসঙ্গ তুলে শিক্ষকদের বিভিন্ন বিষয়ে হাইকোর্টে যাওয়ার প্রবণতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর মতে, সমস্যা হলে নিজেদের মধ্যে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে সমাধানের চেষ্টা করা উচিত।

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষক ও জনবল সংকটের কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, সব স্তরেই শিক্ষকের ঘাটতি রয়েছে। এ সংকট কাটাতে দ্রুত জনবল কাঠামো নির্ধারণ করতে হবে। বিশ্ববিদ্যালয় ও ইউজিসির মধ্যে ফাইল চালাচালি এবং সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রতার সমালোচনা করে তিনি বলেন, সমস্যা সমাধানে দীর্ঘ বৈঠক ও চিঠি চালাচালির পরিবর্তে দ্রুত একসঙ্গে বসে সিদ্ধান্ত নিতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেদের ১৯৭৪ সালের আইন অনুযায়ী স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে দাবি করে। কিন্তু অর্থের প্রয়োজন হলে সরকারের কাছে প্রত্যাশা করে। স্বায়ত্তশাসন বজায় রাখার পাশাপাশি সরকারের সঙ্গে সমন্বয় করাও জরুরি।

সরকার নতুন দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনা নিয়ে শিক্ষাব্যবস্থার উন্নয়নে কাজ করতে চায় উল্লেখ করে শিক্ষামন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়কে সেশনজট নিরসন, গবেষণার বাস্তব প্রয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর পরিকল্পনা নেওয়ার আহ্বান জানান।

সেমিনারে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

এ সময় দেশের শতাধিক শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝