দীর্ঘ বিরতির পর ২০২৫ সালে অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। নির্বাচনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের প্রতিনিধিত্বের সুযোগ তৈরি হলেও এক বছরের কার্যক্রম শেষে পরবর্তী নির্বাচন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। অন্যদিকে, আবাসন সংকটসহ শিক্ষার্থীদের বেশ কিছু মৌলিক সমস্যা এখনো রয়ে গেছে। এমন পরিস্থিতিতে ডাকসুর ধারাবাহিকতা বজায় রাখতে নিয়মিত নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও ছাত্রসংগঠনের নেতারা।
শিক্ষার্থীদের মতে, গত এক বছরে ডাকসুর কার্যক্রমে কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে। তবে সব প্রত্যাশা পূরণ না হলেও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ডাকসুর ভূমিকা আগের কয়েক বছরের তুলনায় বেশি ছিল।
বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ আলি বলেন, ‘এই ডাকসু সবগুলো ইশতেহার পূরণ করতে না পারলেও গত চার-পাঁচ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতটুকু উন্নয়ন হয়েছে, বিগত এক বছরে ডাকসু তার চেয়ে বেশি উন্নয়ন করেছে।’
তবে শিক্ষার্থীদের অন্যতম বড় সমস্যা আবাসন সংকট এখনো কাটেনি। বিশেষ করে ছাত্রীদের আবাসনসংকটের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
জগন্নাথ হলের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী ধীমান বিশ্বাস বলেন, ‘আবাসন সংকটের কারণে মেয়ে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন। তাঁরা হলে থাকতে পারছেন না।’
আবাসন সংকটের বিষয়টি স্বীকার করে ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জোবায়ের বলেন, আবাসন সংকট অনেক বড় একটি বিষয়। ডাকসু চাইলেই নতুন কোনো হল তৈরি করতে পারে না। এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের বিষয়।
এদিকে পরবর্তী ডাকসু নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, তা নিয়েও স্পষ্ট কোনো ধারণা পাচ্ছেন না ছাত্রসংগঠনগুলোর নেতারা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জানতে চেয়েও সদুত্তর পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাজ্জাদ হোসাইন খান।
তিনি বলেন, ‘আমরা যখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জানতে চেয়েছি এ বছর ডাকসু হবে কি না এবং পরবর্তী ডাকসুর ব্যাপারে তাদের পরিকল্পনা কী, তখন তারা কোনো ধরনের সদুত্তর দিতে পারেনি। বিশ্ববিদ্যালয়ের বাজেটে ডাকসুর নামে কোনো খাত ছিল না।’
অন্যদিকে ডাকসু নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠনের বৈঠকে অংশ নেওয়ার কথা জানিয়েছেন ২০২৫ সালের ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করা মোহাম্মদ আরকানুল ইসলাম।
তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন ক্রিয়াশীল সংগঠনের সঙ্গে ডাকসু নিয়ে মিটিং করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল প্রতিটি মিটিংয়ে অংশগ্রহণ করেছে। প্রতিটি মিটিংয়ে আমরা ডাকসুর পক্ষে অভিমত ব্যক্ত করেছি। আমাদের আলাদাভাবে দাবি উত্থাপন করার প্রয়োজন হয়নি।’
নিয়মিত শিক্ষক সমিতির নির্বাচন হলেও ছাত্র সংসদ নির্বাচনের অনিশ্চিতার বিষয়টি তুলে ধরেছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক। তিনি বলেন, প্রতি বছর শিক্ষক সমিতির নির্বাচন হলেও ছাত্র সংসদের নির্বাচন দীর্ঘদিন বন্ধ ছিল। তাঁদের প্রত্যাশা ছিল, ডাকসু নির্বাচন ক্যালেন্ডারভুক্ত হবে। কিন্তু তা হয়নি। প্রশাসনও নির্বাচনের উদ্যোগ নিচ্ছে না। গঠনতান্ত্রিক সংস্কার করে অবিলম্বে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান তিনি।
নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী মো. মনির হোসেন বলেন, ডাকসু অবশ্যই হওয়া উচিত। ছাত্র সংসদ না থাকলে শিক্ষার্থীদের চাওয়া-পাওয়া প্রশাসনের কাছে পৌঁছানো সহজ হয় না। বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত পরবর্তী ডাকসু নির্বাচনের পদক্ষেপ নেবে বলে আশা করেন তিনি।
ধীমান বিশ্বাসও মনে করেন, মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে নিয়মতান্ত্রিকভাবে নির্বাচন হওয়া উচিত। শিক্ষার্থীদের কণ্ঠস্বর প্রশাসন ও সিনেটে পৌঁছানোর জন্য ছাত্র সংসদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
পরবর্তী ডাকসু নির্বাচনের তফসিল সম্পর্কে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. ইসরাফিল রতনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
ফলে ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে শিক্ষার্থী ও ছাত্রসংগঠনগুলোর মধ্যে আলোচনা থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো সুস্পষ্ট পরিকল্পনা জানা যায়নি। শিক্ষার্থীদের প্রত্যাশা, ছাত্র সংসদের ধারাবাহিকতা বজায় রাখতে দ্রুত নির্বাচনের উদ্যোগ নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
-টিএস