বিশ্ববিদ্যালয়কে বেকারত্ব তৈরির কারখানায় পরিণত করা যাবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শ্রমবাজারে প্রয়োজন নেই- এমন কোনো বিভাগ বিশ্ববিদ্যালয়ে খোলা উচিত নয়।
রোববার (২২ নভেম্বর) ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, অতীতে রাজনৈতিক কারণে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগ খোলা হতো। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) অনুরোধ করছি, বর্তমান শ্রমবাজারে প্রয়োজন নেই- এমন কোনো বিভাগের অনুমোদন দেবেন না।
তিনি বলেন, শিক্ষকদের কাজ বলা এবং শিক্ষার্থীদের কাজ শোনা। তবে শিক্ষক ও শিক্ষার্থীর এই বলা-শোনার প্রক্রিয়ার মধ্য দিয়েই উন্নয়ন ঘটাতে হবে।
পরীক্ষার খাতায় নকল প্রতিরোধের প্রসঙ্গ টেনে শিক্ষামন্ত্রী বলেন, বাস্তব ক্ষেত্রে উন্নত দেশগুলোকে অনুসরণ করতে হবে এবং দেখতে হবে, তারা কীভাবে এগিয়ে গেছে।
বেকারত্ব প্রসঙ্গে তিনি বলেন, সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে জিজ্ঞেস করেছিলেন, আগামী পাঁচ বছরের মধ্যে, অর্থাৎ ২০৩০ সালের মধ্যে শুধু জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেকারত্ব কতটা কমানো সম্ভব। এ লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় বাজেট দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘কিন্তু এই বাজেটে কীসের বাজেট? বেকারত্বের কারখানা বানানোর বাজেট আমাকে দিতে হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয় নয় মাসেও আমাকে আনএমপ্লয়মেন্ট করার তালিকা দিতে পারেনি।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, পুনঃপরীক্ষার পর বিশ্ববিদ্যালয়গুলো যেন ভর্তি পরীক্ষা নেয়, সে বিষয়ে তিনি বলেছিলেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় তা মানতে রাজি নয় বলে জানিয়েছেন তিনি। এ কারণে তাঁকে আদালতের দ্বারস্থ হতে হয়েছে।
-টিএস