২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হবে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর)। ওই দিন বিকেল ৩টায় একযোগে ১১টি শিক্ষা বোর্ডের ফল প্রকাশ করা হবে।
রোববার (২২ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষার্থীরা কেন্দ্রীয় ওয়েবসাইট https://eduboardresults.gov.bd/ এবং নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন। পাশাপাশি আবেদনকারীদের দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হবে। ফল প্রকাশের পর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড অথবা কেন্দ্রীয় ওয়েবসাইট থেকে ফল সংগ্রহের জন্য শিক্ষার্থীদের অনুরোধ জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর পুনর্নিরীক্ষা ও পুনর্মূল্যায়নের জন্য ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী আবেদন করেন। এসব শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদন করেন।
এর মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে সবচেয়ে বেশি ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি আবেদন জমা পড়ে। বোর্ডটির বিষয়ভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে ৪২ হাজার ২টি করে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে ৩৮ হাজার ৭৫টি আবেদন জমা হয়েছে।
এ ছাড়া বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে ২৪ হাজার ৮৫৮টি করে উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদন করা হয়েছে।
বিজ্ঞান বিভাগের বিষয়গুলোর মধ্যে রসায়ন প্রথম ও দ্বিতীয় পত্রে ১৮ হাজার ৪৮২টি করে এবং জীববিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্রে ১৫ হাজার ৭৫৭টি করে আবেদন জমা পড়ে।
মানবিক বিভাগের পৌরনীতি ও সুশাসন প্রথম ও দ্বিতীয় পত্রে ৩ হাজার ৫৭১টি করে এবং সমাজকর্ম বিষয়ে ১ হাজার ৯৯৭টি আবেদন করা হয়েছে।
অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগের হিসাববিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্রে ৩ হাজার ৮২৭টি করে এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে ২ হাজার ৩৩১টি উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদন জমা পড়েছে।
এসএস